মার্কিন নিষেধাজ্ঞার প্রতি সমর্থন: সৌদি আরব এবং বাহরাইনকে ইরানের হুঁশিয়ারি
-
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান
ইরানের কাছ থেকে তেল কেনার বিষয়ে বৃহৎ ক্রেতাদের জন্য দেয়া ছাড় আর নবায়ন করা হবে না বলে ওয়াশিংটন যে ঘোষণা দিয়েছে তার প্রতি সমর্থন দেয়ার জন্য সৌদি আরব এবং বাহরাইনের নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের তেলের বাজার দখলে নিতে কোনো দেশকে অনুমতি দেয়া হবে না বলেও হুঁশিয়ারি করে দিয়েছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি আজ (বৃহস্পতিবার) বলেছেন, তেহরানের ওপর আরোপিত তেল নিষেধাজ্ঞার ব্যাপারে রিয়াদ এবং মানামার অবস্থান প্রমাণ করে তারা মার্কিন নীতির প্রতি অন্ধ আনুগত্য করছে এবং এই ধরনের কর্মকাণ্ডের জন্য সৃষ্ট পরিণতির বিষয়েও তারা অজ্ঞ।
মুসাভি আরো বলেন, ইরানের তেলের বাজার পূরণ করার জন্য অন্য কোনো দেশকে অনুমতি দেয়া হবে না এবং এ বিষয়ে সৃষ্ট পরিণতির জন্য আমেরিকা এবং এই দুই দেশ দায়ী থাকবে। তিনি আরো বলেন, বর্তমান ইতিহাসে তেহরানের বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট দেশের শত্রুতা ইরানি সরকার এবং জনগণ কখনো ভুলবে না।
গত সোমবার হোয়াইট হাউজ ঘোষণা করেছে, আগামী ১ মে'র মধ্যে ইরান থেকে তেল কেনা বন্ধ না করলে তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়া হবে। অর্থাৎ আমেরিকার দৃষ্টিতে এখন থেকে বিশ্বের কোনো দেশ আর ইরানের কাছ থেকে তেল আমদানি করতে পারবে না। মার্কিন সরকার গত বছরের নভেম্বরে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলেও আটটি দেশকে ইরান থেকে তেল কেনার ক্ষেত্রে ছয় মাসের জন্য ছাড় দেয়েছিল। #
পার্সটুডে/বাবুল আখতার/২৫