ইরানের অর্থনীতিকে দুর্বল করে দেয়ার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হবে: জাহাঙ্গিরি
-
ইসহাক জাহাঙ্গিরি
ইরানের তেল বিক্রি শূন্যের কোঠায় নামিয়ে আনার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে ঘোষণা দিয়েছে তা অবশ্যই ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি। মার্কিনীরা ইরানের বিশাল সম্ভাবনাময় অর্থনীতিকে বুঝতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল (সোমবার) ইরানের দক্ষিণাঞ্চলীয় কিশ দ্বীপে তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের একতরফা নিষেধাজ্ঞা মোকাবেলায় মুক্ত বাণিজ্য এলাকা কিভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়ে আয়োজিত একটি অর্থনৈতিক বৈঠকে জাহাঙ্গিরি এ মন্তব্য করেন। জাহাঙ্গিরি বলেন, মার্কিনীরা ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দিতে চাইছে এবং সরকারের রাজস্ব আয় কমানোর মাধ্যমে তারা ইরানের অভ্যন্তরে সামাজিক চাপ বৃদ্ধির পাঁয়তারা করছে। তবে তাদের এসব ষড়যন্ত্রমূলক পদক্ষেপ নিশ্চিতভাবে ব্যর্থ হবে।
ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গিরি আরো বলেন, ইরানি জাতি ইতিমধ্যে কঠিন সময় অতিক্রম করে এসেছে। কিন্তু তাদের মনোবল এখনো অটুট রয়েছে। ইরানি জাতি কখনো অন্যায় চাপ এবং নিষেধাজ্ঞা ভুলে যাবে না বলে উল্লেখ করে তিনি বলেন, তারা সঠিক সময়ে এসবের সমুচিত জবাব দেবে।
গত ২২ এপ্রিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সংবাদ সম্মেলনে বলেছেন, "ইরানি তেলের বৃহৎ ক্রেতাদের জন্য দেয়া ছাড় আর নবায়ন করা হবে না এবং এর মাধ্যমে ইরানের তেল বিক্রি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে।."
পার্সটুডে/বাবুল আখতার/৩০