ইরানের আল্টিমেটাম কথার কথা নয়: উপ পররাষ্ট্রমন্ত্রী
-
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, পরমাণু সমঝোতায় অটল থাকার ক্ষেত্রে তার দেশ যথেষ্ট ধৈর্য ধরলেও ইউরোপীয় দেশগুলো এ সমঝোতা থেকে ইরানকে সুবিধা দিতে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। তেহরানের পক্ষ থেকে পরমাণু সমঝোতার কিছু প্রতিশ্রুতি পালন স্থগিত রাখার বিষয় সমর্থন করে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
ইরান সফররত ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক পরিচালক ও অন্যতম পরমাণু আলোচক রিচার্ড মুরের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। আরাকচি বলেন, ইরান পর্যায়ক্রমে পরমাণু সমঝোতা থেকে সরে আসার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে যেন ইউরোপ উপেক্ষা করার চেষ্টা না করে।
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়া এটি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত ইরানের তেল রপ্তানি ও ইরানের সঙ্গে ব্যাংকিং লেনদেন চালু করার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। আরাকচি বলেন, আগামী ৬০ দিনের মধ্যে এসব দেশ তাদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হলে তেহরান পরবর্তী পদক্ষেপ নেবে।
সাক্ষাতে রিচার্ড মুর দাবি করেন, ব্রিটিশ সরকার ইরানের সঙ্গে লেনদেনের জন্য বিশেষ আর্থিক চ্যানেল ইনসটেক্স চালু করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এ চেষ্টা অব্যাহত থাকবে।
গত ৮ মে ইরান পরমাণু সমঝোতার কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার কথা ঘোষণা করে। এর আওতায় সমৃদ্ধ ইউরেনিয়াম এবং ভারী পানি মজুদ সংক্রান্ত প্রতিশ্রুতি ইরান আর মানবে না। আমেরিকা এ সমঝোতা একতরফাভাবে পরিত্যাগ করার এক বছর পর সমঝোতার কিছু ধারা বাস্তবায়ন করা থেকে বিরত থাকবে বলে ঘোষণা করল ইরান।
আমেরিকার পক্ষ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর ইশতেহার লঙ্ঘনের প্রথম বার্ষিকীতে গত বুধবার প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেন, ইরান আগামী দুই মাস সমৃদ্ধ ইউরেনিয়াম ও ভারী পানি বিক্রি বন্ধ রাখবে।#
পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।