রমজান উপলক্ষে ইরানে শুরু হলো আন্তর্জাতিক কুরআন প্রদর্শনী
-
কুরআন প্রদর্শনীতে শোকরানা অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থীরা (ফাইল ফটো)
ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে শুরু হয়েছে ২৭তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শনী। গতকাল (শনিবার) প্রদর্শনীর উদ্বোধন করা হলেও আজ থেকে তা সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।
তেহরানের ইমাম খোমেনী (রহ.) মোসাল্লা বা ঈদগাহ ময়দানে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনী উদ্বোধন করেন ইরানের ইসলামি সংস্কৃতি ও দিক-নির্দেশনা বিষয়ক মন্ত্রী আব্বাস সালেহি। এ সময় ইরানের আরও বেশ কয়েক জন জাতীয় ধর্মীয় ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
এবারের প্রদর্শনীতে দশটিরও বেশি দেশ অংশ নিচ্ছে। এছাড়া কুরআন ভিত্তিক আটটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কুরআন প্রদর্শনীতে স্টল পেয়েছে। এ মেলায় অত্যাধুনিক তথ্য-প্রযুক্তি নির্ভর বিভিন্ন আয়োজন থাকছে। এছাড়া ইরানের বিখ্যাত শিল্পীদের কুরআন সম্পর্কিত নানা শিল্পকর্ম এখানে প্রদর্শন করা হচ্ছে।
আগামী ২৬ মে কুরআন প্রদর্শনী শেষ হবে। প্রতি বছর পবিত্র রমজানে ইরানে আন্তর্জাতিক কুরআন প্রদর্শনীর আয়োজন করা হয়। কুরআন প্রদর্শনীতে প্রতি বছর স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে শোকরানা উৎসবের আয়োজন করা হয়। সেখানে শিশু-কিশোররা কুরআন তেলাওয়াত করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানায় #
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১২