মার্কিন নিষেধাজ্ঞা গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি: ইরান
-
সোমবার কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর (ডানে) সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী (বামে)
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি সতর্ক করে দিয়ে বলেছেন, অন্য দেশের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের নীতি গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। তিনি সোমবার কুয়েত সিটিতে কুয়েতের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ আস-সাবাহ’র সঙ্গে সাক্ষাতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
আরাকচি বলেন, আঞ্চলিক দেশগুলোর উচিত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন যেকোনো হুমকি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
ইরানের বিরুদ্ধে ব্যাপক হুমকি এবং মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম পাঠিয়ে আমেরিকা যখন পারস্য উপসাগরের পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে তখন কুয়েত সফর করলেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকির পাশাপাশি তেহরানের সঙ্গে আলোচনায় বসার জন্যও মরিয়া হয়ে উঠেছেন। তিনি সোমবার জাপান সফরে গিয়ে আরেকবার ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন।

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আঞ্চলিক ঘটনাপ্রবাহের ব্যাপারে তার দেশ জবাবদিহীমূলক নীতি গ্রহণ করেছে। আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আলোচনা ও সংলাপ ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি বলেও জানান সাইয়্যেদ আব্বাস আরাকচি। তিনি বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার সব রকম চেষ্টা করছে তেহরান।
সাক্ষাতে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক যেকোনো সংকট এ অঞ্চলের দেশগুলোর মধ্যে আলোচনা ও সংলাপের মাধ্যমে নিরসন করতে হবে। #
পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/২৮