ইরানের সঙ্গে আলোচনা চাইলে ট্রাম্পকে কী করতে হবে?
https://parstoday.ir/bn/news/iran-i70753-ইরানের_সঙ্গে_আলোচনা_চাইলে_ট্রাম্পকে_কী_করতে_হবে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, মার্কিন নেতাদের বাগাড়ম্বরকে ইরানিরা খুব একটা গুরুত্ব দেয় না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়ায় তিনি আজ (সোমবার) এসব কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৮, ২০১৯ ১২:৪৬ Asia/Dhaka
  • সাইয়্যেদ আব্বাস মুসাভি
    সাইয়্যেদ আব্বাস মুসাভি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, মার্কিন নেতাদের বাগাড়ম্বরকে ইরানিরা খুব একটা গুরুত্ব দেয় না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়ায় তিনি আজ (সোমবার) এসব কথা বলেন।

মুসাভি বলেছেন, ইরান আমেরিকার সঙ্গে কোনো আলোচনা করছে না। আমেরিকাকে আগে আচরণ ও দৃষ্টিভঙ্গীতে পরিবর্তন আনতে হবে। শুধু কথা দিয়ে হবে না, তাদেরকে কাজের মাধ্যমে সদিচ্ছার প্রমাণ দিতে হবে।

তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনা চাইলে আমেরিকাকে আগে আন্তর্জাতিক সনদগুলো মেনে চলতে হবে এবং ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে। আমেরিকা আন্তর্জাতিক চুক্তি মেনে চললেই কেবল আলোচনা হতে পারে বলে তিনি জানান। ট্রাম্প গতকাল আবারও ইরানের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেওয়ার পর তিনি এসব কথা বললেন।

দীর্ঘ প্রায় ১২ বছর ধরে কঠিন ও শ্বাসরুদ্ধকর আলোচনার পর ২০১৫ সালের জুলাইয়ে ভিয়েনায় ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হয় এবং পরের বছর জানুয়ারি থেকে তা বাস্তবায়নের কাজ শুরু হয়। জাতিসংঘ এই সমঝোতাকে স্বীকৃতি দেয়। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের ৮ মে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যান এবং নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দেন। ইরান এখন আমেরিকাকে আবারও ওই সমঝোতায় ফিরে আসার আহ্বান জানাচ্ছে। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের অনাক্রমণ চুক্তির প্রস্তাব প্রসঙ্গে মুসাভি বলেন, পারস্য উপসাগরীয় আরব দেশগুলো হচ্ছে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং এসব দেশের সঙ্গে উত্তেজনা ও ভুল বোঝাবুঝির নিরসন চায় তেহরান।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮    

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।