অনাগ্রাসন চুক্তি আঞ্চলিক আস্থা জোরদার করবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i70776-অনাগ্রাসন_চুক্তি_আঞ্চলিক_আস্থা_জোরদার_করবে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সংলাপকে তেহরান বিশেষ অগ্রাধিকার দেয়। তিনি আরো বলেন, অনাগ্রাসন চুক্তির বিষয়ে ইরান যে পদক্ষেপ নিয়েছে তা পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আস্থা জোরদার করবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৯, ২০১৯ ০৮:৩৯ Asia/Dhaka
  • কাতারি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আব্বাস আরকচির বৈঠক
    কাতারি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আব্বাস আরকচির বৈঠক

ইসলামি প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সংলাপকে তেহরান বিশেষ অগ্রাধিকার দেয়। তিনি আরো বলেন, অনাগ্রাসন চুক্তির বিষয়ে ইরান যে পদক্ষেপ নিয়েছে তা পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আস্থা জোরদার করবে।

কাতারের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানির সঙ্গে গতকাল (মঙ্গলবার) দোহায় এক বৈঠকে এসব কথা বলেন আরাকচি। তিনি পারস্য উপসাগরীয় অঞ্চলের তিনটি দেশ সফরে বের হয়েছেন।

বৈঠকে আব্বাস আরাকচি বলেন, “আঞ্চলিক সংলাপ ও অনাগ্রাসন চুক্তি সইয়ের মতো কতকগুলো পদক্ষেপের মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর মধ্যে আস্থা এবং গঠনমূলক যোগাযোগ প্রতিষ্ঠার পথ খুলে যেতে পারে।”

কয়েকদিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ইরাক সফরের সময় পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে অনাগ্রাসন চুক্তি সইয়ের প্রস্তাব দিয়েছিলেন।

গতকালের বৈঠকে আব্বাস আরাকচি আরো বলেন, যদি এ অঞ্চলের সব দেশের জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ পরিপূর্ণ হয় তাহলে মধ্যপ্রাচ্যে পূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে।

বৈঠকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের কিছু ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি তেহরান-দোহা মতবিনিময় এবং শীর্ষ কর্মকর্তাদের দ্বিপক্ষীয় সফরের বিষয়টিকে তিনি স্বাগত জানান। চলতি মাসরে গোড়ার দিকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী তেহরান সফর করেছিলেন।#

পার্সটুডে/এসআইবি/২৯