নয়া নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের প্রতি আমেরিকার অবজ্ঞার প্রমাণ: ইরান
-
জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি
ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের ওপর আমেরিকার নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘটনাকে আন্তর্জাতিক আইনের প্রতি ওয়াশিংটনের অবজ্ঞার প্রমাণ বলে অভিহিত করেছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি সোমবার নিউ ইয়র্কে এ বিশ্বসংস্থার সদর দপ্তরে সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, আন্তর্জাতিক আইন কিংবা বিশ্বজনমতের প্রতি আমেরিকার যে বিন্দুমাত্র শ্রদ্ধা নেই সেকথা আজকের নিষেধাজ্ঞার মাধ্যমে আরেকবার প্রমাণিত হলো।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দপ্তর এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র শীর্ষস্থানীয় কমান্ডারদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তাখতে রাভানচি এসব কথা বলেন। ট্রাম্প নিষেধাজ্ঞা আরোপের ঘোষণায় বাগাড়ম্বর করে বলেন, ইরান তার ‘বিপজ্জনক তৎপরতা’ বন্ধ না করা পর্যন্ত তেহরানের ওপর চাপপ্রয়োগ অব্যাহত রাখবে ওয়াশিংটন।
ট্রাম্প এমন সময় এ নিষেধাজ্ঞা আরোপ করলেন যখন তিনি বারবার ইরানের সঙ্গে আলোচনায় বসারও আগ্রহ প্রকাশ করছেন। কিন্তু ইরান সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কথার ওপর আস্থা রাখা যায় না এবং তার প্রশাসনের সঙ্গে তেহরান আলোচনায় বসবে না। এ ছাড়া, ইরানি জাতি যে চাপের মুখে আলোচনা করে না সেকথাও জানিয়ে দিয়েছে তেহরান।
মাজিদ তাখতে রাভানচি গতকাল (সোমবার) নিউ ইয়র্কে আরো বলেছেন, চাপ, হুমকি ও নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো আমেরিকার সঙ্গে আলোচনায় বসবে না। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেন, আমেরিকাকে আগে তেহরান বিরোধী অর্থনৈতিক যুদ্ধ ও অর্থনৈতিক সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে।#
পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/২৫