‘নিষেধাজ্ঞা তুলে নিলে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আবার আলোচনা হতে পারে’
https://parstoday.ir/bn/news/iran-i71771-নিষেধাজ্ঞা_তুলে_নিলে_ছয়_জাতিগোষ্ঠীর_সঙ্গে_আবার_আলোচনা_হতে_পারে’
আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো যথাযথভাবে পালন করার জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি গতরাতে (শনিবার রাতে) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের পরমাণু সমঝোতার প্রতি ইঙ্গিত করে এ আহ্বান জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৭, ২০১৯ ০১:৩৩ Asia/Dhaka
  • ‘নিষেধাজ্ঞা তুলে নিলে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আবার আলোচনা হতে পারে’

আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো যথাযথভাবে পালন করার জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি গতরাতে (শনিবার রাতে) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের পরমাণু সমঝোতার প্রতি ইঙ্গিত করে এ আহ্বান জানান।

এ সময় ফরাসি প্রেসিডেন্ট পরমাণু সমঝোতা রক্ষা করার লক্ষ্যে আবার আলোচনায় বসার প্রস্তাব দিলে হাসান রুহানি বলেন, ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আবার ইরানের আলোচনা শুরু হওয়ার ক্ষেত্র সৃষ্টি হতে পারে।

প্রেসিডেন্ট রুহানি বলেন, আমেরিকার সর্বাত্মক চাপ, হুমকি ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান গত ১৪ মাস ধরে কৌশলগত ধৈর্য অবলম্বন করে একতরফাভাবে পরমাণু সমঝোতা মেনে চলেছে। কিন্তু এখন সে ধৈর্যের সীমা শেষ হয়ে এসেছে।

ইরানের পরমাণু সমঝোতায় ইউরোপের পক্ষ থেকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে তেহরানের পক্ষ থেকে দেয়া ৬০ দিনের আল্টিমেটাম শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে এ টেলিফোন সংলাপ অনুষ্ঠিত হলো। ইরান এরইমধ্যে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ পরমাণু সমঝোতার নির্ধারিত সীমার চেয়ে বেশি বাড়িয়েছে এবং ঘোষণা দিয়েছে আজ (রোববার) ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রাও বাড়িয়ে দেয়া হবে।

টেলিফোনালাপে ইরানের প্রেসিডেন্ট তার দেশের বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞাকে ‘সর্বাত্মক অর্থনৈতিক সন্ত্রাসবাদ ও যুদ্ধ’ আখ্যায়িত করে বলেন, এই যুদ্ধ অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে নয়া হুমকির জন্ম হতে পারে। তিনি বলেন, ইরান সম্প্রতি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা পরমাণু সমঝোতা অনুসরণ করেই নেয়া হয়েছে এবং প্রকৃতপক্ষে এ সমঝোতা রক্ষা করার লক্ষ্যেই এটা করেছে তেহরান। এ অবস্থায় ইউরোপীয় দেশগুলোকে নিজেদের প্রতিশ্রুতি পূরণ করে এ সমঝোতা রক্ষা করার লক্ষ্যে আগের চেয়ে বেশি সক্রিয় হওয়ার আহ্বান জানান।

টেলিফোনালাপে ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরন বলেন, শুরু থেকেই তার সরকার পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার বিরোধিতা করে এসেছে। তিনি দাবি করেন, ইউরোপীয় ইউনিয়ন পরমাণু সমঝোতা রক্ষা করতে চায় এবং প্যারিস এ লক্ষ্যে তার সর্বশক্তি নিয়োগ করেছে। আমেরিকার নিষেধাজ্ঞার ক্ষতি কাটিয়ে ওঠার লক্ষ্যে ইউরোপ ইরানকে প্রয়োজনীয় সহযোগিতা করতে ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেন ম্যাকরন। এখন থেকে এ লক্ষ্যে আরো বেশি তৎপরতা চালানোর প্রতিশ্রুতি দেন ফরাসি প্রেসিডেন্ট।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/৭