অভিযানে হস্তক্ষেপ করো না: ব্রিটিশ যুদ্ধজাহাজকে ইরানি কমান্ডারের বার্তা
https://parstoday.ir/bn/news/iran-i72355-অভিযানে_হস্তক্ষেপ_করো_না_ব্রিটিশ_যুদ্ধজাহাজকে_ইরানি_কমান্ডারের_বার্তা
পারস্য উপসাগর থেকে ব্রিটিশ তেলবাহী ট্যাংকার আটকের সময় ব্রিটেনের রাজকীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজকে অভিযানে বাধা না দিতে কড়া বার্তা দিয়েছিলেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এ সম্পর্কিত একটি অডিও এবং ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইরানের এ বিশেষ বাহিনী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৯, ২০১৯ ১২:২৮ Asia/Dhaka

পারস্য উপসাগর থেকে ব্রিটিশ তেলবাহী ট্যাংকার আটকের সময় ব্রিটেনের রাজকীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজকে অভিযানে বাধা না দিতে কড়া বার্তা দিয়েছিলেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এ সম্পর্কিত একটি অডিও এবং ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইরানের এ বিশেষ বাহিনী।

আজ (সোমবার) সকালে প্রকাশ করা সংক্ষিপ্ত অডিও ক্লিপে শোনা যায়- ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস মন্টরোজ (এফ-২৩৬) থেকে পাশের আন্তর্জাতিক পানিসীমায় তার অবস্থান ঘোষণা করা হচ্ছে। ব্রিটিশ যুদ্ধজাহাজটি তেলবাহী ট্যাংকার স্টেনা ইমপেরোকে এস্কর্ট দিয়ে নিয়ে যাচ্ছিল।

ব্রিটিশ যুদ্ধজাহাজ থেকে এ বক্তব্য দেয়ার পরই আইআরজিসি’র একজন কর্মকর্তা বার্তা দেন- ব্রিটিশ যুদ্ধজাহাজ ফক্সট্রোট ২৩৬, এটি হলো সেপাহর নৌবাহিনীর টহল বোট: আপনাদেরকে এই ইস্যুতে হস্তক্ষেপ না করার অনুরোধ করা হচ্ছে।”

এ সময় ব্রিটিশ যুদ্ধজাহাজ থেকে জবাব দেয়া হয়- “এটি হচ্ছে ব্রিটিশ যুদ্ধজাহাজ ফক্সট্রোট ২৩৬। একটি বাণিজ্যিক জাহাজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রণালীতে এস্কর্ট দেয়ার জন্য আমি তার পাশে রয়েছি।”

আইআরজিসি'র কমান্ডোরা ব্রিটিশ তেলবাহী ট্যাংকার আটকের জন্য হেলিকপ্টার থেকে নামছে

জবাবে ইরানি কর্মকর্তা বলেন, “ব্রিটিশ যুদ্ধজাহাজ ফক্সট্রোট ২৩৬, এটি হচ্ছে সেপাহর নৌবাহিনীর টহল বোট, নিজের জীবনকে বিপদের মুখে ফেলবেন না।”

গত ৪ জুলাই জিব্রাল্টার প্রণালী থেকে ইরানের তেলবাাহী একটি সুপার ট্যাংকার আটক করে ব্রিটিশ মেরিন সেনারা। এরপর পারস্য উপসাগরে একটি ইরানি মাছধরা ট্রলারকে ধাক্কা দিলে ব্রিটিশ তেলবাহী ট্যাংকার স্টেনা ইমপেরোকে আটক করে ইরান। এ নিয়ে দু দেশের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে।#

পার্সটুডে/এসআইবি/২৯