ইউরোপকে ইরানের তেল ও ব্যাংকিং লেনদেন স্বাভাবিক করতে হবে: রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, পরমাণু সমঝোতা রক্ষার ক্ষেত্রে ইউরোপের কাছ থেকে ইরান সবচেয়ে কম যে আশাটি করে তা হচ্ছে, বিশ্বের সঙ্গে ইরানের তেল ও ব্যাংকিং লেনদেন স্বাভাবিক করা। তিনি মঙ্গলবার রাতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন। রুহানি বলেন, পরমাণু সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে ইউরোপ এরইমধ্যে অনেকগুলো সুযোগ হাতছাড়া করেছে।
তিনি আরো বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদের প্রধান টার্গেটে পরিণত হয়েছে এদেশের সাধারণ মানুষ। প্রেসিডেন্ট রুহানি বলেন, প্রতিপক্ষ যখন পরমাণু সমঝোতায় নিজের দেয়া ন্যুনতম প্রতিশ্রুতি রক্ষা করছে না তখন ইরানের কাছ থেকে তার প্রতিশ্রুতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন আশা করা বাতুলতা ছাড়া আর কিছু নয়।
মার্কিন সরকার ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে গায়ের জোরে বেরিয়ে যাওয়ার পর ফ্রান্স’সহ ইউরোপীয় দেশগুলো এতে অটল থাকার ঘোষণা দেয়।এসব দেশ ইরানকে পরমাণু সমঝোতা বাস্তবায়নের আহ্বান জানানোর পাশাপাশি এ সমঝোতায় ইরানকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলে প্রত্যয় ঘোষণা করে। কিন্তু আজ পর্যন্ত ইউরোপীয় দেশগুলো ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অকার্যকর করে দেয়ার লক্ষ্যে কোনো পদক্ষেপ নিতে পারেনি।
টেলিফোনালাপে প্রেসিডেন্ট রুহানি দুঃখ প্রকাশ করে বলেন, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইউরোপ এক্ষেত্রে কার্যকর কোনো ব্যবস্থা নেয়ই নি উল্টো ইরানে তৎপর ইউরোপীয় কোম্পানিগুলো মার্কিন নিষেধাজ্ঞা মেনে এদেশ থেকে চলে গেছে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, এ অব্স্থায় তার দেশ বুঝেশুনে পরমাণু সমঝোতার কিছু ধারা বাস্তবায়ন স্থগিত রেখেছে। এখন ইউরোপ যদি ইরানের স্বার্থ রক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিতে পারে তাহলে তেহরান আবার আগের অবস্থায় ফিরে যাবে।
টেলিফোনালাপে পরমাণু সমঝোতা বাস্তবায়নের লক্ষ্যে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়ে ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরন বলেন, এ সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আমেরিকা নিন্দিত কাজ করেছে এবং তিনি আনুষ্ঠানিকভাবে তার এ অবস্থানের কথা ওয়াশিংটনকে জানিয়েছেন।ম্যাকরন বলেন, মার্কিন নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে ইউরোপ অবশ্যই ইরানের সঙ্গে ব্যাংকিং লেনদেন স্বাভাবিক করবে।#
পার্সটুডে/এমএমআই/৩১