ইরান ও ফ্রান্সের বিরুদ্ধে গিয়ে উত্তেজনা ছড়াচ্ছে আমেরিকা: রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i72599-ইরান_ও_ফ্রান্সের_বিরুদ্ধে_গিয়ে_উত্তেজনা_ছড়াচ্ছে_আমেরিকা_রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, পরমাণু সমঝোতা থেকে তার দেশের সবচেয়ে ন্যুনতম আশা হচ্ছে, ইরানের তেল রপ্তানি ও ব্যাংকিং লেনদেন স্বাভাবিক করতে হবে। তিনি মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোন সংলাপে এ মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৭, ২০১৯ ০২:৪৯ Asia/Dhaka
  • ইরান ও ফ্রান্সের বিরুদ্ধে গিয়ে উত্তেজনা ছড়াচ্ছে আমেরিকা: রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, পরমাণু সমঝোতা থেকে তার দেশের সবচেয়ে ন্যুনতম আশা হচ্ছে, ইরানের তেল রপ্তানি ও ব্যাংকিং লেনদেন স্বাভাবিক করতে হবে। তিনি মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোন সংলাপে এ মন্তব্য করেন।

তিনি বলেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় নিজের দেয়া সবগুলো প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে ইরান। কাজেই ওই সমঝোতায় ইরানকে যেসব সুযোগ সুবিধা দেয়ার কথা বলা হয়েছে সেগুলিও তেহরানকে দিতে হবে।

প্রেসিডেন্ট রুহানি বলেন, পরমাণু সমঝোতার অপর পক্ষ যাতে ইরানকে তার অধিকার দিতে পারে সেজন্য তাদেরকে উৎসাহিত করার লক্ষ্যে সম্প্রতি তেহরান এ সমঝোতার কিছু ধারা বাস্তবায়নের কাজ স্থগিত রেখেছে। প্রতিপক্ষ তাদের প্রতিশ্রুতি পূরণ করা শুরু করলে ইরানও পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতিতে ফিরে যাবে বলে তিনি জানান।

আমেরিকা পারস্য উপসাগরে সামরিক জোট গঠনের যে চেষ্টা করছে তার তীব্র সমালোচনা করে প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরান ও ফ্রান্স যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে তখন আমেরিকার এ পদক্ষেপ উসকানিমূলক।

টেলিফোনালাপে ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরন বলেন, তিনি এমন একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করছেন যাতে পরমাণু সমঝোতার ভিত্তিতে ইরান তার অর্থনৈতিক সুবিধাগুলো পেতে পারে এবং এ সমঝোতার বাকি সব পক্ষ তেহরানের পদক্ষেপকে স্বাগত জানায়। ফ্রান্স পরমাণু সমঝোতার প্রতি অটল রয়েছে বলেও প্রত্যয় পুনর্ব্যক্ত করেন প্রেসিডেন্ট ম্যাকরন।#

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।