প্রেসিডেন্ট ম্যাকরনের সঙ্গে ‘গঠনমূলক’ আলোচনা হয়েছে: জারিফ
-
প্যারিসের এলিজা প্রাসাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান প্রেসিডেন্ট ম্যাকরন
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতা রক্ষা করার লক্ষ্যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে তার ‘গঠনমূলক’ আলোচনা হয়েছে। ২০১৮ সালের মে মাসে আমেরিকা একতরফাভাবে এ সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এটিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে ইউরোপ যে প্রচেষ্টা শুরু করে তার অংশ হিসেবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হলো।
শুক্রবার প্যারিসে ম্যাকরনের সঙ্গে বৈঠকের পর জারিফ সাংবাদিকদের বলেন, “পরমাণু সমঝোতা বাস্তবায়নের উপায় নিয়ে ফ্রান্স ইরানকে কয়েকটি প্রস্তাব দিয়েছে। এসব প্রস্তাবে এ সমঝোতাকে রক্ষা করার লক্ষ্যে সংশ্লিষ্ট দেশগুলোর কর্মপন্থা উল্লেখ করা হয়েছে।” তিনি আরো বলেন, পরমাণু সমঝোতা যাতে পুরোপুরি বাস্তবায়ন করা যায় সেজন্য তিনিও প্রেসিডেন্ট ম্যাকরনের সামনে ইরানের পক্ষ থেকে তার দেশের প্রস্তাবগুলো তুলে ধরেছেন।
তবে এসব প্রস্তাবের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানাননি ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রেসিডেন্ট হাসান রুহানি ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন গত কয়েক সপ্তাহে বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেছেন এবং ওইসব টেলিফোলাপেরই ধারাবাহিকতায় তার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
জারিফ আরো বলেন, ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে তার সাক্ষাতের ফলাফল নির্ভর করছে ইউরোপীয় ইউনিয়ন কীভাবে পরমাণু সমঝোতায় দেয়া নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে তার ওপর। তিনি বলেন, “আমাদের আলোচনা চলবে। ম্যাকরন ও রুহানির মধ্যে টেলিফোনালাপ অব্যাহত থাকবে।”
ফ্রান্সের রাজধানী প্যারিসে শিল্পোন্নত সাত জাতিগোষ্ঠী বা জি-সেভেনের শীর্ষ সম্মেলনের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরন। জি-সেভেন শীর্ষ সম্মেলনে তিনি ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নের উপায় নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে আলাপ করবেন বলে কথা রয়েছে।#
পার্সটুডে/এমএমআই/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।