পরমাণু সমঝোতার ধারা পরিবর্তন করা যাবে না: ম্যাকরনকে রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার ফরাসি সমকক্ষ ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোন সংলাপে বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে তেহরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ধারাগুলোতে কোনো ধরনের পরিবর্তন আনা যাবে না। গতরাতে ইরান ও ফ্রান্সের প্রেসিডেন্টদের মধ্যে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিক সময়ে ইরান ও ফ্রান্স ব্যাপকভিত্তিক সংলাপ চালাচ্ছে এবং প্রেসিডেন্ট ম্যাকরন বলেছেন, তিনি পরমাণু সমঝোতা অক্ষুণ্ন রেখে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে চান।
শনিবার রাতের টেলিফোলাপে প্রসিডেন্ট রুহানি বলেন, চলমান আলোচনায় তার দেশের উদ্দেশ্যে পরমাণু সমঝোতার পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা রক্ষা করা।
আগামী কয়েক দিনের মধ্যে ফ্রান্সের সঙ্গে ইরানের বিশেষজ্ঞ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলে কথা রয়েছে।
টেলিফোন সংলাপে রুহানি ম্যাকরনকে সতর্ক করে দিয়ে বলেন, ইউরোপীয় দেশগুলো যদি পরমাণু সমঝোতায় দেয়া নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারে তাহলে ইরান এই সমঝোতার ধারাগুলো স্থগিত রাখার ক্ষেত্রে তৃতীয় পদক্ষেপ নেবে। তবে যেকোনো সময় যাতে পরমাণু কর্মসূচি পরিচালনার ক্ষেত্রে আবার আগের অবস্থায় ফিরে আসা যায় সে উদ্যোগও নিচ্ছে তেহরান।
ইরান গত ১ জুলাই ঘোষণা করে, ইউরোপীয় দেশগুলো পরমাণু সমঝোতা বাস্তবায়ন করতে ব্যর্থ হওয়ায় তেহরান এ সমঝোতার ৩৬ নম্বর ধারা অনুসরণ করে সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ নির্ধারিত মাত্রার চেয়ে বাড়িয়েছে। তেহরান তখন ঘোষণা করে, ইউরোপের এ ব্যর্থতা চলতে থাকলে প্রতি দুই মাস পরপর ইরান পরমাণু সমঝোতা বাস্তবায়ন স্থগিত রাখার বিষয়টি অব্যাহত থাকবে। #
পার্সটুডে/এমএমআই/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।