আঞ্চলিক সহযোগিতাই কেবল হরমুজ প্রণালীতে স্থায়ী নিরাপত্তা আনতে পারে: রুহানি
-
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, একমাত্র আঞ্চলিক সহযোগিতার মাধ্যমেই পারস্য উপসাগরীয় এলাকায় স্থায়ী শান্তি আসতে পারে। গতকাল (মঙ্গলবার) আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য প্রেসিডেন্ট রুহানি আর্মেনিয়া সফর করেন। বৈঠকে তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিরাপত্তা নিশ্চিত করা ইরানের অন্যতম প্রধান নীতি।
বৈঠকে হাসান রুহানি ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতাকে আন্তর্জাতিক সংকট নিরসনের ক্ষেত্রে বহুপক্ষীয় কূটনীতির সফল মডেল বলে উল্লেখ করেন। এ সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া এবং সমঝোতাকে থেকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে প্রেসিডেন্ট হাসান রুহানি উল্লেখ করেন।
হরমুজ প্রণালীর নিরাপত্তার ব্যাপারে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে তিনি যে প্রস্তাবনা তুলে ধরেছেন তার কথাও উল্লেখ করেন প্রেসিডেন্ট রুহানি।
বৈঠকে রুশ প্রেসিডেন্ট পুতিন পরমাণু সমঝোতা রক্ষার ব্যাপারে মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সমঝোতার প্রতি অন্য পক্ষগুলো যাতে সম্মান দেখায় সেজন্য তার সরকার চেষ্টা করছে। এছাড়া, ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নে ইরানের যোগ দেয়ার সিদ্ধান্তকে প্রেসিডেন্ট পুতিন স্বাগত স্বাগত জানান।#
পার্সটুডে/এসআইবি/২