শান্তি প্রচেষ্টা চালানোর জন্য ইমরান খানকে ধন্যবাদ জানালেন জাওয়াদ জারিফ
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় প্রচেষ্টা চালানোর জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে প্রকাশিত এক পোস্টে ইমরান খানের সাম্প্রতিক ইরান সফরের কথা উল্লেখ করে তিনি ওই ধন্যবাদ জানান।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সম্প্রতি জাতিসংঘে দেয়া ভাষণে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে প্রস্তাব তুলে ধরেছে সে কথা উল্লেখ করে জারিফ বলেন, এ অঞ্চলে শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা ও সৌভাগ্য প্রতিষ্ঠার কাজে আঞ্চলিক সবগুলো দেশের প্রতি আহ্বান জানাচ্ছে তেহরান।
ইরানের প্রেসিডেন্ট রুহানি গত ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনে দেয়া ভাষণে পারস্য উপসাগরীয় দেশগুলোকে নিয়ে একটি নয়া জোট গঠনের প্রস্তাব করেন। তিনি বলেন, “আমি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর ঘটনাবলীতে জড়িত সকল দেশকে নিয়ে একটি জোট গঠনের প্রস্তাব করছি যার নাম হতে পারে ‘কোয়ালিশন অব হোপ’ বা ‘প্রত্যাশার জোট’।”
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রোববার একদিনের সফরে তেহরান আসেন এবং প্রেসিডেন্ট রুহানি ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসব সাক্ষাতে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার অবসান ঘটানোর লক্ষ্যে তিনি ব্যক্তিগত উদ্যোগে তেহরান সফরে এসেছেন। এরপর পাক প্রধানমন্ত্রী মঙ্গলবার সৌদি আরব সফর করেন।#
পার্সটুডে/এমএমআই/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।