স্বৈরশাসকরা মানবাধিকারের ব্যাপারে কথা বলতে পারে না: ইরানি দূত
-
জাতিসংঘ সাধারণ পরিষদের থার্ড কমিটিতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ হাসানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের মানবাধিকার নিয়ে জাতিসংঘ সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের থার্ড কমিটিতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ হাসানি নেজাদ। তিনি বলেছেন, মার্কিন নীতির সঙ্গে সমন্বয় রেখে জাতিসংঘ ইরানের বিরুদ্ধে এ প্রতিবেদন প্রকাশ করেছে।
জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টার জাভিদ রহমানের তৈরি করা প্রতিবেদন প্রসঙ্গে ইরানের দূত বলেন, মানবাধিকার কমিটিতে ইরানের ইস্যু নিয়ে কখনো আলোচনা হয়নি বা কোন প্রশ্ন ওঠে নি।
ইরানি দূত মোহাম্মদ হাসানি বলেন, বিশ্বে যারা মানবাধিকারের পক্ষে কথা বলছে তাদের বেশিরভাগই স্বৈরাচারের মতো কাজ করছে। তিনি এ সময় মুসলিম দেশগুলো এবং আমেরিকায় অভিবাসী লোকজনের উপর ডোনাল্ড ট্রাম্প সরকারের নির্বতনমূলক পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, এসব ঘটনার মধ্য দিয়ে আইনের শাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধগুলোকে অপমান করা হয়েছে।
ইরানের এ দূত প্রশ্ন রেখে বলেন, “মানবাধিকার ইস্যুতে তাহলে কেন বর্ণবাদী, সাম্রাজ্যবাদী ও স্বৈরাচারী এই সব লোকের কথা গ্রহণ করতে হবে?” মোহাম্মদ হাসানি বলেন, প্রকৃতপক্ষে ইরানের বিরুদ্ধে তাদের যে ক্ষোভ সেটি মানবাধিকার বিষয়ে নয়, তারা মূলত ক্ষুব্ধ এই কারণে যে, তারা এখন আর ইরানের ভবিষ্যত নির্ধারণ করতে পারে না।#
পার্সটুডে/এসআইবি/২৪