মার্কিন নেতৃত্বাধীন নৌ জোট পারস্য উপসাগরের নিরাপত্তাহীনতা বাড়াবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i75141-মার্কিন_নেতৃত্বাধীন_নৌ_জোট_পারস্য_উপসাগরের_নিরাপত্তাহীনতা_বাড়াবে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষার নামে মার্কিন নেতৃত্বাধীন যে নৌ জোট গঠন করা হয়েছে তা কেবল বিশ্বের নিরাপত্তাহীনতা এবং অস্থিতিশীলতাই বাড়াবে।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১০, ২০১৯ ১১:৩৮ Asia/Dhaka
  • পারস্য উপসাগরে কথিত আন্তর্জাতিক নৌ জোটের তৎপরতা
    পারস্য উপসাগরে কথিত আন্তর্জাতিক নৌ জোটের তৎপরতা

ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষার নামে মার্কিন নেতৃত্বাধীন যে নৌ জোট গঠন করা হয়েছে তা কেবল বিশ্বের নিরাপত্তাহীনতা এবং অস্থিতিশীলতাই বাড়াবে।  

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, ইতিহাস এ কথাই বলছে যে, আমেরিকার নেতৃত্বে যখন কোনো জোট গঠন করা হয়েছে তখন সেই জোট নিরাপত্তা সৃষ্টিতে ব্যর্থ হয়েছে বরং বিশ্বের বিভিন্ন অংশ নিরাপত্তাহীনতা এবং অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। তিনি বলেন, মার্কিন একতরফা পদক্ষেপকে বৈধতা দেয়ার জন্য অন্য দেশের নাম ব্যবহার করার প্রয়োজন হয়, অন্য দেশের নাম ব্যবহার করে আমেরিকা তার লক্ষ্য-উদ্দেশ্য সাধন করে। এর মাধ্যমে আমেরিকা তার দুর্বলতা এবং যে সমস্ত ঘাটতি আছে সেগুলো আড়াল করে আন্তর্জাতিক বৈধতার আদায়ের চেষ্টা করে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

ইরানের এ মুখপাত্র আঞ্চলিক দেশগুলোকে মধ্যপ্রাচ্যে টেকসই ও সামষ্টিক নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য নিজেদের শক্তির উপর নির্ভর করার আহ্বান জানান। সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেন, পারস্য উপসাগরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের রয়েছে দীর্ঘতম সমুদ্রসীমা এবং জাহাজ চলাচলসহ নিজের অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থ রক্ষার জন্য তেহরান বলিষ্ঠ পদক্ষেপ নেবে।

গত বৃহস্পতিবার থেকে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক সামরিক জোট পারস্য উপসাগরে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে। পারস্য উপসাগরে ইরানের সমুদ্রসীমার কাছাকাছি এলাকায় জাহাজ চলাচল ও সেগুলোর নিরাপত্তা রক্ষার নামে তাদের কার্যক্রম শুরু করেছে। এরপর ইরানের মুখপাত্র এসব কথা বললেন।#

পার্সটুডে/এসআইবি/১০