৫০০ কোটি ডলার ঋণ চুক্তি চূড়ান্ত করতে রাশিয়া যাচ্ছেন ইরানি মন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i75373-৫০০_কোটি_ডলার_ঋণ_চুক্তি_চূড়ান্ত_করতে_রাশিয়া_যাচ্ছেন_ইরানি_মন্ত্রী
ইরানের জ্বালানিমন্ত্রী রেজা আরদেকানিয়ান ৫০০ কোটি ডলার ঋণ চুক্তি চূড়ান্ত করার জন্য রাশিয়া সফরে যাচ্ছেন। রাশিয়া থেকে পাওয়া ঋণের এই অর্থ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং রেললাইনের বিদ্যুতায়নের কাজে খরচ করবে ইরান।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
নভেম্বর ২০, ২০১৯ ১৭:০০ Asia/Dhaka
  • ৫০০ কোটি ডলার ঋণ চুক্তি চূড়ান্ত করতে রাশিয়া যাচ্ছেন ইরানি মন্ত্রী

ইরানের জ্বালানিমন্ত্রী রেজা আরদেকানিয়ান ৫০০ কোটি ডলার ঋণ চুক্তি চূড়ান্ত করার জন্য রাশিয়া সফরে যাচ্ছেন। রাশিয়া থেকে পাওয়া ঋণের এই অর্থ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং রেললাইনের বিদ্যুতায়নের কাজে খরচ করবে ইরান।

রাশিয়া থেকে ঋণ গ্রহণের ব্যাপারে ২০১৫ সালে প্রথমে একটি ধারণা তৈরি হয়; তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক নথিপত্রে সই করা হয় চলতি বছরের সেপ্টেম্বর মাসে। ইরান সরকারের তথ্য মতে- রাশিয়া থেকে পাওয়া ঋণের একটি বড় অংশ খরচ করা হবে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে নির্মিতব্য ১,৪০০ মেগাওয়াট থার্মাল বিদ্যুৎকেন্দ্রে। সেখানে ব্যয় হবে ১২০ কোটি ডলার। সেখানকার বিদ্যুৎ ইরানের মধ্যাঞ্চলীয় গার্মসার থেকে তুর্কমেনিস্তান সীমান্তবর্তী ইঞ্চে বুরুন পর্যন্ত বিস্তৃত ৫০০ কিলোমিটার রেললাইনের বিদ্যুতায়নের কাজে ব্যবহার করা হবে।

এছাড়া, ইরানের আন্তঃনগরীর ট্রেন সার্ভিসের জন্য ২,০০০ বগি তৈরি করা হবে। সে ক্ষেত্রেও রাশিয়া থেকে পাওয়া ঋণের অর্থ ব্যয় করা হবে। এর পাশাপাশি ইরানের একটি জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ১,০০০ মেগাওয়াট থেকে বাড়িয়ে ১,৬০০ মেগাওয়াট করার জন্য ঋণের অর্থের একটি বড় অংশ খরচ করা হবে। ইরানি মন্ত্রী জানান, চূড়ান্ত আলোচনার জন্য বৃহস্পতিবার ইরানের প্রতিনিধিদল মস্কো সফর করবে।#

পার্সটুডে/এসআইবি/এমবিএ/ ২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।