এবার পঞ্চম পর্যায়ের পদক্ষেপ: ইরানকে মোকাবেলার আহ্বান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর
https://parstoday.ir/bn/news/iran-i76056-এবার_পঞ্চম_পর্যায়ের_পদক্ষেপ_ইরানকে_মোকাবেলার_আহ্বান_ব্রিটিশ_পররাষ্ট্রমন্ত্রীর
ইরান পর্যায়ক্রমে পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি থেকে সরে আসার যে পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে ব্রিটেনের অবস্থান থেকে বোঝা যায় পরমাণু সমঝোতায় দেয়া নিজেদের প্রতিশ্রুতি পালনের কোনো সদিচ্ছা ইউরোপের নেই। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রব পরমাণু সমঝোতায় দেয়া ইরানের প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত করার পদক্ষেপকে অত্যন্ত বিপদজনক অভিহিত করে ইরানের এ পদক্ষেপ মোকাবেলার আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
ডিসেম্বর ১৯, ২০১৯ ১৩:৩১ Asia/Dhaka
  • ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রব
    ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রব

ইরান পর্যায়ক্রমে পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি থেকে সরে আসার যে পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে ব্রিটেনের অবস্থান থেকে বোঝা যায় পরমাণু সমঝোতায় দেয়া নিজেদের প্রতিশ্রুতি পালনের কোনো সদিচ্ছা ইউরোপের নেই। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রব পরমাণু সমঝোতায় দেয়া ইরানের প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত করার পদক্ষেপকে অত্যন্ত বিপদজনক অভিহিত করে ইরানের এ পদক্ষেপ মোকাবেলার আহ্বান জানিয়েছেন।

পর্যবেক্ষকরা বলছেন, ব্রিটেনে সাম্প্রতিক নির্বাচনের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এ ধরণের বক্তব্য থেকে দু'টি বিষয় স্পষ্ট হয়ে ওঠে। প্রথম ব্রেক্সিট বাস্তবায়নের পদক্ষেপ নেয়ার একই সময়ে তারা পরমাণু সমঝোতার ব্যাপারে আগের চেয়ে আরো বেশী মার্কিন নীতির অনুসরণ করছে। দ্বিতীয়ত, ইরানের পদক্ষেপে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর ক্ষুব্ধ প্রতিক্রিয়া থেকে বোঝা যায়, পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্রিটেন ও ইউরোপের কোনো আগ্রহ নেই। অথচ ইউরোপ পরমাণু সমঝোতা বাস্তবায়ন না করার এক বছর পর ইরান তার প্রতিশ্রুতি বাস্তবায়ন না করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এবং ইউরোপও তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরানও পরমাণু সমঝোতার ৩৬ ও ২৬ নম্বর ধারা বাস্তবায়ন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। এ ব্যাপারে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব ব্রিগেডিয়ার জেনারেল আলী শামখানি ইরান প্রেসকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, পরমাণু সমঝোতা রক্ষা এবং ভারসাম্য প্রতিষ্ঠার জন্য ইরান পর্যায়ক্রমে প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখা শুরু করেছে। ইরান এ পর্যন্ত চার দফা প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রেখেছে এবং এও জানিয়েছে ইউরোপীয়রা যখনই পরমাণু সমঝোতা বাস্তবায়ন শুরু করবে ইরানও পূর্বের অবস্থায় ফিরে গিয়ে নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।

ব্রিগেডিয়ার জেনারেল আলী শামখানি

বহুপক্ষীয় সমঝোতার একটি বৈশিষ্ট্য হচ্ছে সব পক্ষ এটি মেনে চলতে বাধ্য থাকবে। কিন্তু পরমাণু সমঝোতার ক্ষেত্রে দেখা যাচ্ছে ইউরোপীয়রা তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে অক্ষমতার পরিচয় দিয়েছে।

এ অবস্থায় ব্রিটেনসহ ইউরোপীয় দেশগুলো নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিবর্তে ইরানের ওপর চাপ সৃষ্টি করছে এবং পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার ক্ষেত্রে ইরানের আইনগত পদক্ষেপকে তারা বিপদজনক হিসেবে অভিহিত করছে। ইউরোপের এ আচরণের ফলে কেবল পরমাণু সমঝোতা অচলাবস্থার সম্মুখীন হবে।

যাইহোক, পরমাণু সমঝোতা অনুযায়ী ইউরোপ ইরানের অর্থনৈতিক স্বার্থ রক্ষা না করায় ইরান পাল্টা প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হচ্ছে। যেমনটি ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব ব্রিগেডিয়ার জেনারেল আলী শামখানি বলেছেন, ইউরোপীয়রা যদি এখনো পরমাণু সমঝোতা বাস্তবায়নে অনীহা দেখায় তাহলে ইরানও পঞ্চম দফা প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখবে।আর স্বাভাবিকভাবেই ইরানের এ পদক্ষেপে আমেরিকা ও ইউরোপ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাবে।#             

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৯