নৌ কুচকাওয়াজে অংশগ্রহণ করতে প্রথমবারের মতো রাশিয়া যাচ্ছে ইরানি নৌবহর
-
ইরানের একটি নৌবহর (ফাইল ছবি)
ইরানের একটি নৌবহর প্রথমবারের মতো ২০ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী সেন্ট পিটার্সবার্গ সফরে যাচ্ছে। রুশ ফেডারেশনে নবনিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি গতকাল (বুধবার) তেহরানে এ খবর জানিয়েছেন।
রাশিয়ার রিয়ানোভোস্তি বার্তা সংস্থাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়ার নৌবাহিনী দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণের লক্ষ্যে ইরানের এ নৌবহর সেন্টপিটার্সবার্গ সফর করবে।জালালি বলেন, এটি হবে ইরানের কোনো নৌবহরের জন্য রেকর্ড পরিমাণ দূরত্ব অতিক্রম কারণ এর আগে কখনো ইরানি নৌবহর ২০ হাজার কিলোমিটার পথ পাড়ি দেয়নি।
রুশ ফেডারেশনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আরো বলেন, ইরান ও রাশিয়া দু’টি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সামরিক শক্তি এবং এ দুই দেশের সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।রাজনৈতিক দিক দিয়েও তেহরান ও মস্কোর মধ্যে শক্তিশালী সম্পর্ক বিরাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেন, ইরান ও রাশিয়া যৌথভাবে সন্ত্রাসবিরোধী যুদ্ধ করার পাশাপাশি আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে; কারণ, তেহরান ও মস্কো উভয়ই আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার শিকার।#
পার্সটুডে/এমএমআই/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।