আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় বিদেশি সেনাদের অবৈধ উপস্থিতির প্রয়োজন নেই: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i76277-আঞ্চলিক_নিরাপত্তা_রক্ষায়_বিদেশি_সেনাদের_অবৈধ_উপস্থিতির_প্রয়োজন_নেই_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা রক্ষার জন্য বিদেশি সেনাদের অবৈধ উপস্থিতির কোনো প্রয়োজন নেই।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৯, ২০১৯ ১৩:৩২ Asia/Dhaka
  • রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি
    রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা রক্ষার জন্য বিদেশি সেনাদের অবৈধ উপস্থিতির কোনো প্রয়োজন নেই।

তিনি বলেন- ইরান, চীন ও রাশিয়া ভারত মহাসাগর এবং ওমান সাগরে যৌথভাবে যে মহড়া চালাচ্ছে তাতে এই কথা পরিষ্কার হয়ে যায় যে, এ অঞ্চলের নিরাপত্তা রক্ষার জন্য এ তিন দেশ প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল (শনিবার) ইরান, রাশিয়া এবং চীনের যৌথ নৌ মহড়ার দ্বিতীয় দিনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেন, “কেউ কেউ বলে থাকেন যে, এ অঞ্চলে নিরাপত্তা রক্ষার জন্য বিদেশি সেনা প্রয়োজন রয়েছে কিন্তু আমরা বলব চলমান যৌথ মহড়ার মাধ্যমে এ কথা সুস্পষ্ট হয়েছে যে, এ অঞ্চলে নিরাপত্তা রক্ষার নামে বিদেশি সেনাদের অবৈধ উপস্থিতির কোনো প্রয়োজন নেই।”

ইরান, রাশিয়া ও চীনের যৌথ নৌ মহড়া

হাবিবুল্লাহ সাইয়ারি আরো বলেন, ইরান গত কয়েক বছরে এই অঞ্চলে নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বহু পদক্ষেপ নিয়েছে এবং নিরাপত্তাহীনতা কমানো ও জলদস্যুতা মোকাবেলায় ইরান তার ডেস্ট্রয়ার, ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধ জাহাজ এবং অন্যান্য সামরিক জলযানের উপর নির্ভর করেছে।

ইরানের সামরিক বাহিনীর প্রধান বলেন, “এ অঞ্চলের সমুদ্রসীমায় আমরা শুধুমাত্র ইরানি জাহাজের নিরাপত্তা দেয় নি বরং অন্যান্য দেশের জাহাজের নিরাপত্তাও দিয়েছি এবং বিশ্বকে আমরা আমাদের শক্তি সামর্থ্য দেখিয়েছি। এ কারণেই চীন এবং রাশিয়ার মতো দেশ ভারত মহাসাগর ও ওমান সাগরে এসে আমাদের সাথে যৌথ মহড়া চালাচ্ছে।”#

পার্সটুডে/এসআইবি/২৯