ইরান নিশ্চিত: ইউক্রেনের বিমানে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হানে নি
https://parstoday.ir/bn/news/iran-i76599-ইরান_নিশ্চিত_ইউক্রেনের_বিমানে_কোনো_ক্ষেপণাস্ত্র_আঘাত_হানে_নি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার শীর্ষ কর্মকর্তা আলী আবেদ জাদেহ বলেছেন, রাজধানী তেহরানের কাছে ইউক্রেনের যে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা নিয়ে তদন্তের ফলাফল প্রকাশ করবে ইরান তবে তার দেশ নিশ্চিত যে, ওই বিমানে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হানে নি।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জানুয়ারি ১০, ২০২০ ১৪:৪৩ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আবেদ জাদেহ
    সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আবেদ জাদেহ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার শীর্ষ কর্মকর্তা আলী আবেদ জাদেহ বলেছেন, রাজধানী তেহরানের কাছে ইউক্রেনের যে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা নিয়ে তদন্তের ফলাফল প্রকাশ করবে ইরান তবে তার দেশ নিশ্চিত যে, ওই বিমানে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হানে নি।

আজ (শুক্রবার) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দিয়েছেন। ইউক্রেনের ওই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমেরিকাসহ পাশ্চাত্যের কয়েকটি দেশ এবং বোয়িং কোম্পানি দাবি করছে যে, বিমানটি সম্ভবত ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়েছে।

আবেদ জাদেহ বলেন, ‍‍“বিমানটি কিভাবে বিধ্বস্ত হয়েছে সে সম্পর্কে মন্তব্য করা যাবে না। বিমানের ব্ল্যাক বক্স খোলার পরই শুধুমাত্র তা বোঝা যাবে। তবে আমরা নিশ্চিত করে বলতে পারি যে, কোনো ক্ষেপণাস্ত্র ওই বিমানে আঘাত হানে নি।” তিনি বলেন, বিমানটি যখন বিধ্বস্ত হয় তার আগে মাত্র দেড় মিনিট আকাশে উড়েছে এবং বিধ্বস্ত হওয়ার স্থানে গিয়ে দেখা গেছে বিমানের পাইলট রানওয়ের দিকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন।

বিমান দুর্ঘটনার স্থল

আবেদ জাদেহ বলেন, “স্বাভাবিক পরিস্থিতিতে বিমানের ব্ল্যাক বক্সের তথ্য ইসলামি প্রজাতন্ত্র ইরান ডাউনলোড করতে পারে কিন্তু যেহেতু এই বিমান দুর্ঘটনায় ব্ল্যাক বক্স ক্ষতিগ্রস্ত হয়েছে সে কারণে তা থেকে সরাসরি তথ্য বের করে আনা কঠিন হবে। এজন্য বিশেষ সফটওয়্যার এবং হার্ডওয়্যার দরকার যা আমাদের দেশে আছে। কিন্তু যদি আমরা ব্ল্যাক বক্স থেকে তথ্য বের করতে ব্যর্থ হই তাহলে আমরা অন্য দেশের সাহায্য নেব।”

আজকের এ সংবাদ সম্মেলনে ইরানের তদন্ত কমিশনের প্রধান হাসান রেজায়িফার বলেন- ইউক্রেন, ফ্রান্স, কানাডা এবং রাশিয়া ইরানকে তথ্য উদঘাটন করার ব্যাপারে সাহায্য করতে তাদের প্রস্তুতির কথা জানিয়েছে। যদি ইরান ব্ল্যাক বক্স থেকে তথ্য বের করতে ব্যর্থ হয় তাহলে এসব দেশের কোনো একটির কাছে ব্ল্যাক বক্স পাঠানো হবে। ইরান এরইমধ্যে বোয়িং কোম্পানিসহ সংশ্লিষ্ট দেশগুলোকে বিমান দুর্ঘটনার ব্যাপারে তদন্ত করতে প্রতিনিধি পাঠানোর আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১০