মার্কিন কংগ্রেস:
ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্পের ক্ষমতা কমাতে কংগ্রেসে প্রস্তাব পাসের রহস্য!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাতে দেশটির আইন পরিষদ বা কংগ্রেসের অনুমতি না নিয়েই ইরানের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে বা যুদ্ধে জড়িয়ে পড়তে না পারেন সেই লক্ষ্যে মার্কিন প্রতিনিধি পরিষদ গতকাল (বৃহস্পতিবার) দু’টি প্রস্তাব পাস করেছে।
ইরানের ওপর সম্ভাব্য সামরিক আগ্রাসনের প্রয়োজনীয় বাজেট আটকে দেয়ার লক্ষ্যে প্রথম প্রস্তাবটি পাস হয়। এ প্রস্তাবের পক্ষে ২২৮ এবং বিপক্ষে ১৭৫ ভোট পড়ে।
আর দ্বিতীয় প্রস্তাবে মার্কিন কংগ্রেসে ২০০২ সালে পাস হওয়া একটি বিশেষ আইন রহিত করা হয় যে আইনে বিশ্বের যেকোনো দেশে হামলা করতে মার্কিন প্রেসিডেন্টকে আগাম অনুমতি দেয়া আছে। ওই আইনের অজুহাতেই মার্কিন প্রেসিডেন্ট বুশ ২০০৩ সালে ইরাকে আগ্রাসন চালান।
ডোনাল্ড ট্রাম্পও ওই আইনের অপব্যবহার করে গত ৩ জানুয়ারি বাগদাদে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করেন। ট্রাম্প যাতে একই আইনের অপব্যবহার করে ইরানে আগ্রাসন চালাতে না পারেন সেজন্য মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ প্রস্তাব পাস করল। দ্বিতীয় প্রস্তাবটির পক্ষে ২৩৬ এবং বিপক্ষে ১৬৬ ভোট পড়ে। এইসব প্রস্তাব পাসের ফলে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর বিষয়ে ট্রাম্পের ক্ষমতা দৃশ্যত কমে গেল।
প্রস্তাব দু’টি পাস হওয়ার পর প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, কংগ্রেস সদস্যরা যে প্রেসিডেন্ট ট্রাম্পের ইরান বিরোধী সহিংস আচরণের ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন তা এসব প্রস্তাব পাসের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে। ইরানের ব্যাপারে ট্রাম্পের কোনো কৌশলগত নীতি নেই বলেও তিনি উল্লেখ করেন।
ইরানের ব্যাপারে ট্রাম্পের যুদ্ধ করার ক্ষমতা কমানোর পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছেন সম্ভাব্য অনাস্থার মুখোমুখি এই মার্কিন প্রেসিডেন্ট। তিনি মার্কিন জনগণকে বলেছেন, আপনাদের সেনাপ্রধানকে সমর্থন জানান!
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের রহস্যময় হামলাকে অপব্যবহার করে মার্কিন প্রেসিডেন্ট বুশ বিশ্বের ওপর বড় ধরনের দু'টি দীর্ঘ যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। ফলে ইরাক ও আফগানিস্তানের অন্তত ত্রিশ লাখ মুসলমান নিহত ও অর্ধকোটি আহত হয়েছেন।
প্রায় দুই দশক ধরে চলা মার্কিন রাষ্ট্রীয় সন্ত্রাসের সর্বসাম্প্রতিক শিকার হন ইরানি জেনারেল কাসেম সোলাইমানি। এ অবস্থায় ইসলামী ইরানের কঠোর প্রাথমিক প্রতিশোধ গ্রহণ এবং ভবিষ্যতেও প্রতিশোধের ধারা অব্যাহত থাকার আশঙ্কায় মার্কিন কংগ্রেসের ডেমোক্রেট প্রতিনিধিরা ট্রাম্পের যুদ্ধ করার ক্ষমতায় লাগাম টেনে ধরলেন।
ট্রাম্প গত ১৮ মাসে মার্কিন সরকারকে বিশ্বে বেশ একঘরে করে যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছেন বলে কংগ্রেসের একজন সদস্য মন্তব্য করেছেন। ট্রাম্প পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন রণসজ্জা বাড়িয়ে দেয়ায় ইরান পাল্টা পদক্ষেপ নিতে পারে বলে মার্কিন কংগ্রেস উদ্বিগ্ন। অবশ্য ট্রাম্প এখনও তার ক্ষমতাকে অসীম বলেই মনে করছেন। ফলে ট্রাম্পের যুদ্ধ-ক্ষমতা বাস্তবেই কমেছে- এমনটি পুরোপুরি বলা যায় না। #
পার্সটুডে/এমএএইচ/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।