সফল নির্বাচন ইরানের নিরাপত্তা নিশ্চিত করবে: সর্বোচ্চ নেতা
-
সর্বোচ্চ নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, দেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেশের নিরাপত্তা নিশ্চিত করবে। একই সঙ্গে দেশের বিদ্যমান সঙ্কট সমাধানে এ নির্বাচন সাহায্য করবে বলেও তিনি মন্তব্য করেন ।
গতকাল (বুধবার) ইরানের নানা শ্রেণী-পেশার মানুষের এক সমাবেশে দেয়া বক্তৃতায় সর্বোচ্চ নেতা এসব কথা বলেন। তিনি আসন্ন নির্বাচনকে দেশের সবচেয়ে জরুরি ইস্যু হিসেবে উল্লেখ করে বলেন, এর মাধ্যমে জনগণ তাদের সিদ্ধান্ত গ্রহণকারীদের নিয়োগ দেবেন।
সর্বোচ্চ নেতা বলেন, যদি সাধারণ নির্বাচন খুব শক্তিশালী ও সঠিকভাবে অনুষ্ঠিত হয় তাহলে ধীরে ধীরে দেশের সব সমস্যার সমাধান হবে। তিনি বলেন, ইরানের নির্বাচন হচ্ছে বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ নির্বাচন। তিনি আসন্ন নির্বাচনে দেশের সমস্ত ভোটারকে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর এ পর্যন্ত দেশটিতে সব নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/৬