ইরানে ফিরেছেন ব্রিটিশ রাষ্ট্রদূত; আলোচনার আহ্বান
-
ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট ম্যাককেয়ার
ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট ম্যাককেয়ার তেহরানে ফিরে এসেছেন। তেহরান ফিরে তিনি ব্রিটেন এবং ইরানের মধ্যে আলোচনার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, দু দেশের জন্য যে ইস্যুগুলো গুরুত্বপূর্ণ তা নিয়ে আলোচনা করা জরুরি।
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় ম্যাককেয়ার বলেন, “আমি সম্প্রতি লন্ডন থেকে তেহরান ফিরেছি। এই সফরটির পরিকল্পনা বেশ আগেই করেছিলাম এবং এটি গুরুত্বপূর্ণ ছিল।”
তিনি জানান, ব্রিটেন সফরের সময় তিনি পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবসহ কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান।
গত ১৫ জানুয়ারি ইরানের গণমাধ্যম জানিয়েছিল, তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত লন্ডনে চলে গেছেন। তার আগে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ভুলক্রমে ইরানি ক্ষেপণাস্ত্রে ভূপাতিত হলে তেহরানে কিছু মানুষ বিক্ষোভ করে। ওই বিক্ষোভে উপস্থিত থেকে মদদ দেন ম্যাককেয়ার। এরপর ইরানি পুলিশ তাকে অল্প সময়ের জন্য আটক করে।#
পার্সটুডে/এসআইবি/৮