করোনাভাইরাসের চিকিৎসার জন্য ইরানের সব হাসপাতাল প্রস্তুত
-
করোনাভাইরাস মোকাবেলায় ইরানে প্রচেষ্টা জোরদার
প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই জোরদার করার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরান নানামুখী পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে ইরানের স্বাস্থ্য উপমন্ত্রী কাসেম জানবাবায়ি দেশের সমস্ত মেডিক্যাল ইউনিভার্সিটিকে করোনাভাইরাসে সংক্রমিত রোগী ভর্তি করার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে নির্দেশনা দিয়ে তিনি সমস্ত মেডিক্যাল ইউনিভার্সিটির প্রধানের কাছে চিঠি পাঠিয়েছেন।
এছাড়া, ইরানের সমস্ত প্রাইভেট ক্লিনিককেও স্বাস্থ্য উপমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে, তারা যেন করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের ভর্তি করে এবং প্রয়োজন হলে তাদের ২৪ ঘন্টা সেবা দেয়। করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের ওপর সম্পূর্ণভাবে ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। অর্থাৎ করোনা ভাইরাস আক্রান্ত কোনো ব্যক্তি সফর করতে পারবেন না।
এদিকে, ইরানের করোনাভাইরাস আক্রান্ত সমস্ত রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী নামাকি। তবে আক্রান্ত কোনো রোগীর সঙ্গে কেউ কোনো রকমের যোগাযোগ করতে পারবে না।#
পার্সটুডে/এসআইবি/১