কাজকর্মে জ্ঞানের পরিচয় দিন: তুরস্ককে ইরানি পরামর্শ কেন্দ্র
-
সন্ত্রাসীদের সঙ্গে মিলে সিরিয় সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তুর্কি সেনারা
সিরিয়া ইস্যুতে তুরস্ককে কাজকর্ম ও আচরণে জ্ঞানের পরিচয় দেয়ার আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক পরামর্শ কেন্দ্র। সিরিয়ায় নতুন কোনো আগ্রাসন না চালানোর জন্য তুর্কি সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইরানি কেন্দ্র বলেছে, তুরস্কের হামলার বিরুদ্ধে তারা এ পর্যন্ত কোনো জবাব দেয় নি।
গতকাল (রোববার) ইরানের বেশিরভাগ সংসদ মাধ্যম ইরানি পরামর্শ কেন্দ্রের বিবৃতি প্রকাশ করেছে যাতে বলা হয়েছে, “পরামর্শ কেন্দ্র আশা করে তুর্কি সেনারা তাদের কর্মকাণ্ডের ক্ষেত্রে জ্ঞানের পরিচয় দেবে এবং সিরিয়া ও তুরস্কের জনগণের স্বার্থ বিবেচনায় নেবে।”
ইরানি পরামর্শ কেন্দ্র আরো বলেছে, “তুরস্কের জনগণ ও তাদের সন্তানরা কয়েক মাস ধরে আমাদের আওতার মধ্যে রয়েছে এবং আমরা প্রতিশোধ নিতে পারতাম কিন্তু আমাদের কমান্ডারদের নির্দেশে আমরা তা থেকে বিরত রয়েছি।”
ইরানি পরামর্শ কেন্দ্র তুরস্কের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, উত্তেজনা কমানোর জন্য তারা তাদের সরকারি কর্মকর্তাদের উদ্বুদ্ধ করতে পারেন যাতে ব্যাপক আকারের রক্তপাত এড়ানো সম্ভব হয়।
সম্প্রতি সিরিয়ার সেনারা উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। তুরস্ক সেখানে সিরিয় সেনাদের অভিযানে বাধা দিচ্ছে এবং কার্যত সন্ত্রাসীদের রক্ষার চেষ্টা করছে আংকারা। এ নিয়ে দু দেশের মধ্যে চরম উত্তেজনা চলছে। সম্প্রতি তুরস্ক ও সিরিয় সেনাদের মধ্যে কয়েক দফা সংঘর্ষও হয়েছে। সিরিয়ায় সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে ইরান পরামর্শমূলক সহযোগিতা দিচ্ছে। তবে রুশ সেনা ও হিজবুল্লাহ যোদ্ধারা সরাসরি সিরিয়া সেনাদের সঙ্গে মিলে যুদ্ধ করছে।#
পার্সটুডে/এসআইবি/২