করোনাভাইরাস প্রতিরোধে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলতে ইরানের সর্বোচ্চ নেতার আহ্বান
https://parstoday.ir/bn/news/iran-i77955-করোনাভাইরাস_প্রতিরোধে_বিশেষজ্ঞদের_পরামর্শ_মেনে_চলতে_ইরানের_সর্বোচ্চ_নেতার_আহ্বান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি করোনাভাইরাস প্রতিরোধে সংশ্লিষ্টদের দেওয়া পরামর্শ ও নির্দেশনা মেনে চলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ (মঙ্গলবার) প্রাকৃতিক সম্পদ সপ্তাহ উপলক্ষে ফলজ বৃক্ষের দু'টি চারা রোপণের পর এ কথা বলেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ০৩, ২০২০ ১৪:৪৭ Asia/Dhaka
  • করোনাভাইরাস প্রতিরোধে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলতে ইরানের সর্বোচ্চ নেতার আহ্বান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি করোনাভাইরাস প্রতিরোধে সংশ্লিষ্টদের দেওয়া পরামর্শ ও নির্দেশনা মেনে চলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ (মঙ্গলবার) প্রাকৃতিক সম্পদ সপ্তাহ উপলক্ষে ফলজ বৃক্ষের দু'টি চারা রোপণের পর এ কথা বলেন।

তিনি আরও বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সংশ্লিষ্টরা যেসব পরামর্শ ও দিক-নিদের্শনা দিচ্ছেন তা অমান্য করা যাবে না। কারণ আল্লাহতায়ালা ব্যক্তির নিজের এবং অন্যদের সুস্থতার ব্যাপারে মানুষকে দায়িত্বশীল করেছেন। কাজেই যা কিছু এই সমাজকে সুস্থ রাখতে ও করোনাভাইরাস প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করবে তা সওয়াব এবং যা কিছু এই ভাইরাস ছড়িয়ে পড়ার পেছনে ভূমিকা রাখবে তা পাপ হিসেবে গণ্য হবে।

ইরানের সর্বোচ্চ নেতা আল্লাহর আশ্রয় প্রার্থনার ওপর গুরুত্বারোপ করে বলেন, এর চেয়েও বড় বালা-মুসিবত এসেছে। করোনাভাইরাস অনেক বড় বালা-মুসিবত নয়। আমি আশা করছি এই বিপদ থেকে মুক্তির জন্য পবিত্র মনের অধিকারী তরুণ এবং পরহেজগার মানুষদের দোয়া কাজে আসবে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেন, বিশ্বের অনেক দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। কোনো কোনো দেশ এই ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে গোপনীয়তার আশ্রয় নিচ্ছে। কিন্তু ইরানের কর্মকর্তারা প্রথম থেকেই এ বিষয়ে স্বচ্ছতার সঙ্গে কাজ করেছেন, মানুষের কাছে সত্য তথ্য তুলে ধরেছেন।

এ সময় তিনি ইরানের চিকিৎসক ও নার্সসহ এ কাজে নিয়োজিত সবাইকে ধন্যবাদ জানান এবং করোনাভাইরাস সংক্রমণে যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করেন।#

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।