করোনায় আক্রান্ত আফগান নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা দেবে ইরান
-
প্রেসিডেন্ট হাসান রুহানি
ইরানে বসবাসরত কোনো আফগান নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হলে তাকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ‘দক্ষিণ খোরাসান’ প্রদেশের গভর্নর মোহাম্মাদ সাদেক মো’তামেদিয়ানের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলাপকালে মঙ্গলবার একথা ঘোষণা করেন তিনি।
ইরানের প্রেসিডেন্ট বলেন, করোনা মোকাবিলায় গঠিত জাতীয় টাস্কফোর্সের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ইরানে অবস্থানরত যেসব আফগান ভাই ও বোন করোনায় আক্রান্ত হবেন তাদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে। বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কথা তুলে ধরে হাসান রুহানি বলেন, এ পরিস্থিতিতে প্রতিবেশী দেশগুলোর উচিত পরস্পরকে সহযোগিতা করা।
ভিডিও কনফারেন্সে দক্ষিণ খোরাসান প্রদেশের গভর্নর তার প্রদেশে করোনাভাইরাস পরিস্থিতির সর্বশেষ খবরাখবর তুলে ধরে বলেন, এ পর্যন্ত এ প্রদেশে পাঁচ বিদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং তাদের পরিপূর্ণ চিকিৎসা সেবা দেয়া হয়েছে। ওই পাঁচজনের মধ্যে তিনজন আফগানিস্তান ও দু’জন পাকিস্তানের নাগরিক।
এর আগে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ বিভাগের প্রধান কিয়ানুশ জাহানপুর বলেছিলেন, যেকোনো পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা পাওয়া মানুষের মৌলিক অধিকার। চিকিৎসা খাতে ইরানি নাগরিকরা যেসব সুযোগ-সুবিধা ভোগ করেন আফগান নাগরিকসহ এদেশে বসবাসরত সব বিদেশি নাগরিক সেসব সুবিধা ভোগ করছেন।#
পার্সটুডে/এমএমআই/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।