ইরানে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা ৫৩ শতাংশ কমেছে: স্বাস্থ্যমন্ত্রী
-
স্বাস্থ্য ও চিকিৎসামন্ত্রী সাঈদ নামাকি
ইরানে দৈনিক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা ৫৩ শতাংশ কমেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও চিকিৎসামন্ত্রী সাঈদ নামাকি। তিনি গতকাল (বৃহস্পতিবার) বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও’র প্রধান টেডরোস অ্যাধনমের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এক বৈঠকে একথা জানান।
নামাকি বলেন, গত ২ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে ইরানে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ৫৩ শতাংশ এবং এ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩০ শতাংশ কমেছে। ইরানে ডাব্লিউএইচও’র স্বাস্থ্যবিধি মেনে অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ কিছু প্রতিষ্ঠান এবং গণপরিবহন খুলে দেয়া হয়েছে বলে জানান সাঈদ নামাকি। ইরানের স্বাস্থ্যমন্ত্রী বলেন, তবে মসজিদ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, রেস্টুরেন্ট এবং পার্কের মতো গণজমায়েতের স্থানগুলি আগের মতোই বন্ধ থাকবে।
আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার কারণে করোনাভাইরাস মোকাবিলার কাজে ইরানের সমস্যা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উচিত এ বিষয়টির দিকে বিশেষ নজর দেয়া।
ভিডিও কনফারেন্সে ডাব্লিউএইচও’র প্রধান করোনাভাইরাস মোকাবিলায় ইরানের সাফল্যের প্রশংসা করেন এবং এক্ষেত্রে ইরানের সাত কোটিরও বেশি মানুষের স্ক্রিনিং কার্যক্রমের কথা বিশেষভাবে উল্লেখ করেন।
ইরানে এ পর্যন্ত ৮৫ হাজার ৯৯৬ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত এবং অন্তত ৬৩ হাজার রোগী সুস্থ হয়েছেন। প্রাণঘাতী এ রোগে আক্রান্ত হয়ে ইরানে এ পর্যন্ত পাঁচ হাজার ৩৯১ ব্যক্তির মৃত্যু হয়েছে।#
পার্সটুডে/এমএমআই/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।