আমেরিকার তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইরান: প্রেসিডেন্ট রুহানি
-
প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আমেরিকার উস্কানি সত্ত্বেও ইরান এই অঞ্চলে কোনো সংঘাতের উদ্যোগ নেবে না। আজ (শনিবার) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে টেলিফোন সংলাপে প্রেসিডেন্ট রুহানি একথা বলেন।
তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান অত্যন্ত নিবিড়ভাবে আমেরিকার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছে তবে ইরান কখনো এই অঞ্চলে কোনো রকমের উত্তেজনা এবং সংঘাতের উদ্যোক্তা হবে না।
টেলিফোন সংলাপে কাতারের আমির মধ্যপ্রাচ্য অঞ্চলে সংঘাত এবং উত্তেজনা যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সবার ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। টেলিফোন সংলাপে দুই পক্ষই এ অঞ্চলের দেশগুলোর স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষার জন্য সহযোগিতা করার উপর জোর দেন।
ইরানের সামরিক বাহিনী পারস্য উপসাগরে আমেরিকার যুদ্ধ জাহাজকে যদি হয়রানি করে তাহলে মার্কিন সেনাদেরকে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেয়ার পর ইরান এবং কাতারের নেতাদের মধ্যে এই টেলিফোন সংলাপ হলো।#
পার্সটুডে/এসআইবি/২৫