আমেরিকা নিজেকে পরমাণু সমঝোতার পক্ষ বলে দাবি করছে; এটা কৌতুক: ইরান
-
মাজিদ তাখতে রাভানচি
জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভানচি বলেছেন, আমেরিকা এখনো পরমাণু সমঝোতার পক্ষ বলে নিজেকে নিয়ে যে দাবি করছে তা হচ্ছে সেরা একটি কৌতুক। ইরানি রাষ্ট্রদূত বলেন, আমেরিকার কোনো কোনো কর্মকর্তা ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর আহ্বান জানাচ্ছেন তার কোনো আইনগত ভিত্তি নেই এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কোনো অনুরোধ বা প্রস্তাব উত্থাপন করা হলে তা নাকচ হবে।
ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ব্যাপারে আমেরিকা একটি খসড়া প্রস্তাব তৈরির পর গতকাল (শুক্রবার) মাজিদ তাখতে রাভানচি এসব কথা বললেন। আগামী অক্টোবর মাসে ইরানের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা। আমেরিকা ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে।
এ প্রসঙ্গে ইরানের রাষ্ট্রদূত আরো বলেন, আমেরিকার এ প্রচেষ্টাকে আন্তর্জাতিক সম্প্রদায় গ্রহণ করবে না কারণ আমেরিকা এখন ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার কোনো পক্ষ নয়। তারা নিজেদেরকে পরমাণু সমঝোতার পক্ষ বলে যে দাবি করছে তা সত্যিই হাস্যকর।#
পার্সটুডে/এসআইবি/২