মার্কিন চাপের মুখে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে জার্মানি: আলাউদ্দিন বোরুজার্দি
-
আলাউদ্দিন বোরুজার্দি
ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক নীতি বিষয়ক কমিটির সদস্য এবং প্রভাবশালী আইন প্রণেতা আলাউদ্দিন বোরুজার্দি বলেছেন, আমেরিকার চাপের মুখেই লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে জার্মানি।
আজ (রোববার) আলাউদ্দিন বোরুজার্দি ইরানের বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে হিজবুল্লাহর ব্যাপারে জার্মানির পক্ষ থেকে নেয়া পদক্ষেপের বিষয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, জার্মানি রাজনৈতিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়েছে যে আমেরিকার চাপ মোকাবেলার করার মতো শক্তি ও সামর্থ হারিয়েে ফেলেছে দেশটি।
ইরানের এই আইনপ্রণেতা আরো বলেন, প্রতিরোধকামী সংগঠন হিজবুল্লাহ লেবাননের সার্বভৌমত্বের অংশ এবং দেশটির সংসদে তাদের গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী উপস্থিতি রয়েছে। ফলে সংগঠনটির ব্যাপারে এ ধরনের অপমানজনক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য জার্মানিকে লেবাননের সরকার এবং জাতির কাছে অবিলম্বে ক্ষমা চাওয়ার পাশাপাশি এ বিষয়ে তাদের অবস্থান পুনর্বিবেচনা করতে হবে।

হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে জার্মানি এর প্রতিরোধকামী সংগ্রামের ওপর কোনো প্রভাব সৃষ্টি করতে সক্ষম হবে না উল্লেখ করে বোরুজার্দি বলেন, মার্কিন সরকার যেভাবে বিভিন্ন জাতির ঘৃণা এবং ক্ষোভ অর্জন করছে জার্মানির উচিত হবে না এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা যাতে তারা আমেরিকার মতই পরিণতি ভোগ করে।
বৃহস্পতিবার হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে জার্মানি কালো তালিকাভুক্ত করে এবং ইউরোপের এই দেশটিতে হিজবুল্লাহর যেকোন ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। শুধু তাই নয়, এই সংগঠনের সাথে সম্পর্ক যুক্ত যেকোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দেয়া হয়েছে পুলিশকে।#
পার্সটুডে/এমবিএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।