দুর্ঘটনার কবলে ইরানের যুদ্ধজাহাজ; ১৯ নৌসেনা শহীদ, আহত ১৫
-
কেনারাক লজিস্টিক জাহাজ
পারস্য উপসাগরে ইরানের পানিসীমায় দেশটির নৌবাহিনীর একটি লজিস্টিক জাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে। এর ফলে ১৯ জন নৌসেনা শহীদ ও ১৫ জন আহত হয়েছে। গতকাল (রোববার) জাস্ক ও চবাহর বন্দরের কাছাকাছি এলাকায় নৌ বাহিনীর প্রশিক্ষণ তৎপরতা চলার সময় ওই দুর্ঘটনা ঘটে।
ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের জনসংযোগ বিভাগ আজ এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। দুর্ঘটনায় আহত ১৫ সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত সবার অবস্থা ভালো বলে জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, দুর্ঘটনা কবলিত 'কেনারাক' নামের জাহাজটির যান্ত্রিক ও কারিগরী দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে।
ইরানের বিবৃতিতে প্রতিরক্ষার ক্ষেত্রে পূর্ণ প্রস্তুতি ও শাহাদাতের মনোভাব বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করে বলা হয়েছে, বিশেষজ্ঞরা বিষয়টি খতিয়ে দেখছে। তাদের প্রতিবেদনের আগে কোনো ধরণের আগাম মন্তব্য করা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানিয়েছে নৌবাহিনী।#
পার্সটুডে/এসআইবি/এসএ/১১