করোনায় ইরানের অভিজ্ঞতা অন্য দেশও কাজে লাগাতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
-
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিচার্ড বেরনান
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিচার্ড বেরনান এক বিবৃতিতে বলেছেন, ভূমধ্য সাগরীয় অঞ্চলে স্বাস্থ্যখাতে যে দেশগুলো উন্নত ও শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলেছে তার মধ্যে ইরান হচ্ছে অন্যতম। ইরানে করোনার প্রাদুর্ভাবের শুরুতে তিনি তেহরান সফরে এসেছিলেন। তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে অভিজ্ঞতা বিনিময় সারা বিশ্বের জন্য জরুরি হয়ে পড়েছে এবং এ ক্ষেত্রে ইরান তার সাফল্য ও মূল্যবান অভিজ্ঞতা অন্য দেশকেও সরবরাহ করতে পারে।
বর্তমান পরিস্থিতিতে করোনা মোকাবেলায় সব দেশ একে অপরকে সহযোগিতা করার সময় এসেছে। তেহরানের মেয়র পিরুজ হানোচি আফগানিস্তানের রাজধানী কাবুলের মেয়র মোহাম্মদ দাউদ সুলতান যাই এর সঙ্গে অন লাইন সাক্ষাতে বলেছেন, 'করোনা ভাইরাস কোনো দেশের সীমান্ত মানে না এবং সারা বিশ্বের মানুষ একই জাহাজের যাত্রী।' প্রাণঘাতী এ ভাইরাস মোকাবেলায় ইরান তার অভিজ্ঞতাকে অন্য দেশেও সরবরাহ করতে পারে বলে তিনি জানান। এ সাক্ষাতে কাবুলের মেয়র বলেছেন, করোনা মোকাবেলায় ইরানের মূল্যবান অভিজ্ঞতা রয়েছে এবং আফগান সরকার ইরানের এ অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায়।
তেহরানের মেয়র কাবুল ছাড়াও লন্ডন, ইস্তাম্বুল, আঙ্কারা, সিউল, মাস্কাট ও ভিয়েনার মেয়রের সঙ্গেও অনলাইন সাক্ষাতে করোনা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন।
এদিকে, ইরানের শিক্ষামন্ত্রী মোহসেন হাজি মির্জাই করোনা সংকটকালে শিক্ষা পরিস্থিতির অবস্থা সম্পর্কিত এক বৈঠকে বলেছেন, 'অন্যান্য মুসলিম দেশেও অনলাইন ভিত্তিক উন্নতমানের শিক্ষা পদ্ধতির প্রশিক্ষণ দিতে তার দেশ প্রস্তুত রয়েছে।'
যাইহোক, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের একটি বড় শিক্ষা হচ্ছে, রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে উঠে সবাইকে মানবিক হতে হবে। অনেক দেশ অন্যদেরকে সহায়তায় এগিয়ে এসেছে। আবার কোনো কোনো দেশ করোনা পরিস্থিতিকে রাজনৈতিক লক্ষ্য হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। উদাহরণ হিসেবে আমেরিকার কথা উল্লেখ করা যায়। আমেরিকা এ ক্ষেত্রে চরম সংকীর্ণমনার পরিচয় দিয়েছে। ইরান করোনা মোকাবেলায় হিমশিম খেলেও আমেরিকা এক্ষেত্রে সহযোগিতা করার পরিবর্তে উল্টো নতুন করে এ দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
তবে এতো সীমাবদ্ধতার পরও ইরান করোনা মোকাবেলায় বহু দেশের চেয়ে এগিয়ে আছে এবং নিজেরাই এখন করোনা চিকিৎসা সামগ্রী তৈরি ও রপ্তানি করার সক্ষমতা অর্জন করেছে। করোনা মোকাবেলায় ইরান অন্যান্য দেশকেও সহায়তা দিতে প্রস্তুত। এরই মধ্যে ইরান করোনা চিকিৎসায় সহায়তার জন্য আফগানিস্তানে চিকিৎসা সামগ্রীর চালান পাঠিয়েছে। তেহরানে অবস্থিত আফগানিস্তানের রাষ্ট্রদূত আব্দুল গফুর বলেছেন, ইরানের সরকার ও জনগণ সবসময়ই আফগান জনগণের পাশে ছিল। তিনি বলেন, বর্তমান স্পর্শকাতর পরিস্থিতিতে আফগানিস্তানে ইরানের চিকিৎসা সামগ্রী প্রেরণের ঘটনা দু'দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ।#
পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৭