যাত্রীবাহী বিমান হয়রানি করায় আমেরিকাকে অনুতপ্ত হতে হবে: ইরান
-
আব্বাস মুসাভি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, তার দেশের যাত্রীবাহী বিমান হয়রানি করার কারণে আমেরিকার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়া হবে যার কারণে ওয়াশিংটনকে অনুতপ্ত হতে হবে।
আজ (সোমবার) রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। গত বুধবার সিরিয়ার আকাশে ইরানি বিমান হয়রানি করার ঘটনাকে আব্বাস মুসাভি খুবই বিপজ্জনক ‘সন্ত্রাসী ও শত্রুতাপূর্ণ’ কাজ বলে মন্তব্য করেন। তিনি বলেন, আমেরিকা যে কাজ করেছে তা সমস্ত আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক। ইরান সময় মতো আমেরিকার এ অন্যায়ের জবাব দেবে।
আব্বাস মুসাভি বলেন, “আমেরিকা সব ধরনের দস্যুতার চেষ্টা করেছে, দেশটি যে ঘটনা ঘটিয়েছে তাতে মনে হচ্ছে জলদস্যুতার পর এখন তারা আকাশে দস্যুতা শুরু করেছে।”
গত বৃহস্পতিবার সিরিয়ার আকাশসীমায় লেবাননগামী ইরানি যাত্রীবাহী বিমানের কাছে মার্কিন জঙ্গিবিমান মহড়া চালায়। মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড থেকে ঘটনাটি স্বীকার করে বলা হয়েছে, সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটির নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে ইরানি বিমানে ‘ভিজ্যুয়াল ইন্সপেকশন’ চালানো হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২৭