অযৌক্তিক অজুহাতে ইরানি কূটনীতিক বহিষ্কারের পাল্টা পদক্ষেপ
৪৮ ঘণ্টার মধ্যে ইরান ছাড়তে সুইডিশ কূটনীতিককে তেহরানের নির্দেশ
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
পার্সটুডে: ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সুইডেনের অভিযোগ প্রত্যাখ্যান করে তেহরান থেকে একজন সুইডিশ কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ইরান।
সুইডেনে কর্মরত একজন ইরানি কূটনীতিককে দায়িত্ব চালিয়ে যেতে বাধা দেওয়ার স্টকহোমের সিদ্ধান্তের জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তাজনিত উদ্বেগের অভিযোগে স্টকহোমে ইরানি দূতাবাসের এক কর্মীকে বহিষ্কারের সুইডিশ সিদ্ধান্তের নিন্দা জানায়। মন্ত্রণালয় এই পদক্ষেপকে অযৌক্তিক এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করেছে।
মন্ত্রণালয় জানায়, সুইডেন কোনো “যৌক্তিক কারণ ছাড়াই” ইরানি কূটনীতিককে দেশ ছাড়তে বাধ্য করেছে। একই সঙ্গে সুইডেনের নিরাপত্তা-সংক্রান্ত বিষয়ে ইরানের সম্পৃক্ততা নিয়ে ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, “কোনো সন্দেহ নেই যে, সুইডিশ সরকারের এই পদক্ষেপ ইহুদিবাদী শাসকগোষ্ঠীর প্রভাব এবং স্টকহোমে ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার প্রচেষ্টার ফল।”
মন্ত্রণালয় আন্তর্জাতিক আইনের অধীনে সুইডেনের দায়িত্বের কথাও উল্লেখ করে। এর মধ্যে ১৯৬১ সালের কূটনৈতিক সম্পর্কবিষয়ক ভিয়েনা কনভেনশনের বিষয়টিও রয়েছে। ইরানি দূতাবাসের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করলে এর জন্য সুইডেনকে আন্তর্জাতিকভাবে দায়ী হতে হবে বলেও সতর্ক করা হয়।
মন্ত্রণালয় জানায়, ইরান তার জাতীয় অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, যার মধ্যে পারস্পরিক পাল্টা পদক্ষেপও অন্তর্ভুক্ত থাকবে।
বৃহস্পতিবার সকালে সুইডিশ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেন মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপবিষয়ক বিভাগের মহাপরিচালক আলিরেজা ইউসেফি। এ সময় ইরানের বিরুদ্ধে সুইডেনের “ধ্বংসাত্মক নীতির” বিষয়ে তেহরানের তীব্র প্রতিবাদ জানানো হয়।
মন্ত্রণালয়ের তথ্যমতে, বৈঠকে ইরানি কূটনীতিককে নিয়ে সুইডেনের সিদ্ধান্তসহ অন্যান্য বিষয়েও ইরানের আপত্তির কথা সুইডিশ রাষ্ট্রদূতকে জানানো হয়। এর মধ্যে সুইডেনে “ইরান-বিরোধী সন্ত্রাসী লোকজন ও গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়ার” বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।
বৈঠকে সুইডিশ রাষ্ট্রদূতকে জানানো হয় যে, সুইডেনের ওই পদক্ষেপের জবাবে তেহরানে কর্মরত একজন সুইডিশ কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিদ্ধান্তটির কারণও রাষ্ট্রদূতকে ব্যাখ্যা করা হয়েছে। #
পার্সটুডে/এমএএইচ /১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।