নতুন করে সেন্ট্রিফিউজে ইউরেনিয়াম হেক্সোফ্লোরাইড গ্যাস প্রয়োগ করছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i84834-নতুন_করে_সেন্ট্রিফিউজে_ইউরেনিয়াম_হেক্সোফ্লোরাইড_গ্যাস_প্রয়োগ_করছে_ইরান
যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার এক বছর পর এবং এ সময়ের মধ্যে ইউরোপ ইরানের স্বার্থ রক্ষায় ব্যর্থ হওয়ার পর গত বছর ৮মে ইরান পরমাণু সমঝোতার ২৬ ও ৩৫ নম্বর ধারা অনুযায়ী পাঁচ দফায় নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার কাজ শুরু করে।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
নভেম্বর ২৩, ২০২০ ১৩:০৪ Asia/Dhaka

যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার এক বছর পর এবং এ সময়ের মধ্যে ইউরোপ ইরানের স্বার্থ রক্ষায় ব্যর্থ হওয়ার পর গত বছর ৮মে ইরান পরমাণু সমঝোতার ২৬ ও ৩৫ নম্বর ধারা অনুযায়ী পাঁচ দফায় নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার কাজ শুরু করে।

এ পদক্ষেপের মাধ্যমে ইরান সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুদ বাড়ানোর পাশাপাশি ইউরেনিয়াম সমৃদ্ধকরনের মাত্রা ৩.৩৭ থেকে বাড়িয়ে ৪.৫ মাত্রায় উন্নিত করে। এ ছাড়া ইরান পরমাণু বিষয়ক গবেষণা কার্যক্রম ও তৎপরতা ফের বাড়িয়ে দেয়। এরপর পরমাণু সমঝোতায় স্বেচ্ছায় বাড়তি কিছু পদক্ষেপ বাস্তবায়নও স্থগিত রাখে। সর্বশেষ পদক্ষেপ হিসেবে ইরান সেন্ট্রিফিউজ ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ মেনে চলতে অস্বীকৃতি জানায়। বর্তমানে ইরান আবারো নিজস্ব প্রযুক্তিতে তৈরি সেন্ট্রিফিউজে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাস ঢোকানোর কার্যক্রম শুরু করেছে। এ ব্যাপারে ভিয়েনায় জাতিসংঘ দফতরে নিযুক্ত ইরানের প্রতিনিধি কাজেম গারিব আবাদি এক সাক্ষাতকারে এ কথা জানিয়েছেন।

কাজেম গারিব আবাদি

পরমাণু সমঝোতার ব্যাপারে যুক্তরাষ্ট্রের অযৌক্তিক ও একতরফা আচরণ এবং প্রতিশ্রুতি পালনে ইউরোপের ব্যর্থতার পর ইরান এটা উপলব্ধি করতে পেরেছে যে, পাশ্চাত্যের প্রতিশ্রুতির অপেক্ষায় বসে থাকা তাদের উচিত হবে না। ভিয়েনায় ইরানের প্রতিনিধি যেমনটি বলেছেন, কেবল মুখের কথায় নয় ইরান ইউরোপের প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়।

পর্যবেক্ষকরা বলছেন, ইউরোপ যদি সত্যিই ইরানের ক্ষতি পুষিয়ে দিতে চায় তাহলে অবশ্যই তাদেরকে পরমাণু সমঝোতা অনুযায়ী প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে এবং ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এ ব্যাপারে ইরানের আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক মাহদি ফাজায়েলি বলেছেন, গত বছর মে মাসে ইরান সরকার ফোরদু পরমাণু প্রকল্প পুনরায় চালু করা এবং ইউরেনিয়ামের মজুদ গড়ে তোলার যে সিদ্ধান্ত নিয়েছে তা যৌক্তিক এবং পরমাণু সমঝোতার লঙ্ঘন নয়।

যাইহোক, ইরান আবারো নিজস্ব প্রযুক্তিতে তৈরি সেন্ট্রিফিউজে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাস ঢোকানোর যে কার্যক্রম শুরু করেছে সে ব্যাপারে দেশটির আণবিক জ্বালানি শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, প্রথম প্রজন্মের সেন্ট্রিফিউজের চাইতে নতুন এ সেন্ট্রিফিউজের মাধ্যমে দশগুণ বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করা যাবে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৩