ইরানের সর্বোচ্চ নেতার বার্তা পৌঁছে দিলেন সংসদ স্পিকার
-
দুমা\\\'র স্পিকারের কাছে বার্তা হস্তান্তর করছেন কলিবফ (বামে)
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর একটি গুরুত্বপূর্ণ বার্তা আজ (সোমবার) রুশ সংসদ 'দুমা'র স্পিকার ভিয়াচিস্লাভ ভোলোদিনের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাশিয়া সফররত ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ এই বার্তা হস্তান্তর করেন। দুমা'র স্পিকার বার্তাটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পৌঁছে দেবেন। বার্তাটি দুই দেশের কৌশলগত সম্পর্ক বিষয়ক বলে তিনি জানান।
ইরানের সংসদ স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে এখন রাশিয়ায় রয়েছেন কলিবফ। তিনি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা দুই দেশের মধ্যে সম্পর্ক আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন।
ইরানের স্পিকার বলেন, আন্তর্জাতিক পরিবর্তনশীল পরিস্থিতির কোনো প্রভাব দুই দেশের সম্পর্কের ওপর পড়বে না। আর এ বিষয়টির ওপর জোর দিতেই তিনি সেদেশ সফর করছেন বলে জানান কলিবফ।
রোববার রাতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল নিয়ে রাশিয়া সফরে গেছেন ইরানের সংসদ স্পিকার।
মস্কো সফরে কলিবফের সঙ্গে অন্যান্যের মধ্যে রয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক স্থায়ী কমিশনের প্রধান মুজতবা জুন্নুরি ও মুখপাত্র আবুলফজল আমুয়ি, এনার্জি কমিশনের প্রধান ফেরেইদুন আব্বাসি, কৃষি বিষয়ক কমিশনের প্রধান সাইয়্যেদ জওয়াদ সাদাতিনেজাদ এবং পার্লামেন্টের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক ডেপুটি স্পিকার হোসেইন আমির আব্দুল্লাহিয়ান প্রমুখ।#
পার্সটুডে/এসএ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।