‘ইরান-সৌদির মধ্যে সুসম্পর্ক বজায় থাকলে মুসলিম বিশ্ব খুবই উপকৃত হতো’
https://parstoday.ir/bn/news/iran-i90864-ইরান_সৌদির_মধ্যে_সুসম্পর্ক_বজায়_থাকলে_মুসলিম_বিশ্ব_খুবই_উপকৃত_হতো’
প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ২১ এপ্রিল, বুধবার প্রচারিত অনুষ্ঠানগুলো হল বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, বিশেষ অনুষ্ঠান (রমজান: খোদা প্রেমের অনন্য উৎসব), কথাবার্তা ও কুরআনের আলো। প্রতিটি অনুষ্ঠানই ছিল দারুণ শিক্ষণীয় ও উপভোগ্য।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ২৯, ২০২১ ১১:০৫ Asia/Dhaka
  • ‘ইরান-সৌদির মধ্যে সুসম্পর্ক বজায় থাকলে মুসলিম বিশ্ব খুবই উপকৃত হতো’

প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ২১ এপ্রিল, বুধবার প্রচারিত অনুষ্ঠানগুলো হল বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, বিশেষ অনুষ্ঠান (রমজান: খোদা প্রেমের অনন্য উৎসব), কথাবার্তা ও কুরআনের আলো। প্রতিটি অনুষ্ঠানই ছিল দারুণ শিক্ষণীয় ও উপভোগ্য।

এরমধ্যে ‘রমজান: খোদা প্রেমের অনন্য উৎসব’ আমাদেরকে মোহবিষ্ট করে রেখেছে। ইসলাম ধর্ম ও এর রীতিনীতি সম্পর্কে, বিশেষতঃ রমজান ও রোজা সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছি এ অনুষ্ঠান থেকে।

 তবে আজ আমি লিখব নিয়মিত অনুষ্ঠান দৃষ্টিপাতের একটি প্রতিবেদন সম্পর্কে। মধ্যপ্রাচ্যের দুটি দেশ ইরান ও সৌদি আরবের মধ্যে দা-কুমড়া সম্পর্ক। অথচ বিশ্বের অধিকাংশ মুসলমানই এ দুটি দেশের মধ্যে সুসম্পর্ক প্রত্যাশা করে। কেননা জ্ঞান-বিজ্ঞান ও সামরিক শক্তিতে ইরান যেমন উন্নত, তেমনি পেট্রোডলার ও মক্কা-মদীনার অবস্থানের কারণে সৌদি আরবেরও গুরুত্ব রয়েছে। তাই এ দুটি দেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকলে মুসলিম বিশ্ব খুবই উপকৃত হতো বলে বিজ্ঞ মহলের ধারণা।

ইরান বরাবরই মুসলিম দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে চলার পক্ষে। অনেক সময় নিজের স্বার্থ বিসর্জন দিয়ে হলেও মুসলিম স্বার্থ রক্ষায় সচেষ্ট থেকেছে দেশটি। অপরদিকে সৌদি আরব অনেক মুসলিম দেশকে আর্থিক সাহায্য-সহযোগিতা দিয়ে থাকলেও সবসময় অন্যায্যভাবে হলেও নিজের আধিপত্য বজায় রাখার পক্ষে।

এরকম একটি পরিস্থিতিতে ‘তেহরান-রিয়াদ বৈঠক: যেসব কারণে সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী’ শীর্ষক প্রতিবেদনটি আমাদের খুব ভালো লেগেছে। আমরাও মনে করি, ভ্রাতৃপ্রতীম শক্তিশালী দুই মুসলিম দেশ ইরান ও সৌদি আরবের মধ্যকার আলোচনা এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপনের উদ্যোগ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের আনবে। এ দুটি দেশ এক থাকলে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইসরাইল, ইউরোপ- কেউই মুসলিম বিশ্বের কাছে পাত্তা পাবে না। আর মুসলিম দেশগুলোও দ্রুত অর্থনৈতিক ও সামরিক উন্নয়নের মাধ্যমে সমগ্র বিশ্বে নিজেদের আধিপত্য বজায় রাখতে পারবে।

সৌদি আরবকে ধন্যবাদ জানাই যে, তারা পরিবর্তিত বিশ্বের পরিস্থিতি অনুধাবণ করতে সক্ষম হয়েছে। আর ইরানকেও ধন্যবাদ জানাই যে, রাগ-ক্ষোভ ঝেড়ে ফেলে মুসলমানদের স্বার্থের কথা ভেবে বৈঠকে বসেছে। ইরাককে ধন্যবাদ জানাই বাগদাদে এ বৈঠকের সুযোগ করে দেয়ার জন্য। কেননা, আমাদের কাছে মুসলিম বিশ্বের ঐক্য সবচেয়ে জরুরি।

অন্যান্য সংবাদ মাধ্যমে ইরান-সৌদি আরবের বৈঠকের খবর প্রকাশিত হলেও রেডিও তেহরানের প্রতিবেদন থেকে এ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি। সেজন্য রেডিও তেহরানের বাংলা বিভাগকেও ধন্যবাদ জানাই। গণমাধ্যম হিসেবে মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠায় রেডিও তেহরানের ভূমিকাকে আমরা চিরদিন স্মরণ করব।

 

মোঃ শাহাদত হোসেন

সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ

গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।