তেহরান আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করবে: জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত
https://parstoday.ir/bn/news/iran-i95606-তেহরান_আত্মরক্ষার_অধিকার_সংরক্ষণ_করবে_জাতিসংঘে_ইরানের_রাষ্ট্রদূত
ইহুদিবাদী ইসরাইলের একটি তেল ট্যাংকারে হামলার জন্য ইরানকে দায়ী করে তেল আবিবসহ পশ্চিমা দেশগুলো যে হুমকি দিয়েছে তার বিরুদ্ধে জাতিসংঘে প্রতিবাদ জানিয়েছে ইরান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৭, ২০২১ ০৬:৫৯ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও উপ স্থায়ী প্রতিনিধি জাহরা এরশাদি
    জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও উপ স্থায়ী প্রতিনিধি জাহরা এরশাদি

ইহুদিবাদী ইসরাইলের একটি তেল ট্যাংকারে হামলার জন্য ইরানকে দায়ী করে তেল আবিবসহ পশ্চিমা দেশগুলো যে হুমকি দিয়েছে তার বিরুদ্ধে জাতিসংঘে প্রতিবাদ জানিয়েছে ইরান।

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও উপ স্থায়ী প্রতিনিধি জাহরা এরশাদি এ খবর জানিয়ে বলেছেন, আরব সাগরে একটি তেল ট্যাংকারে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ইরান কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে। তেহরান মনে করছে, ইহুদিবাদী ইসরাইল নিজের মানবতাবিরোধী অপরাধ ধামাচাপা দিতে এবং বিশ্ব জনমতকে বিভ্রান্ত করতে এ ধরনের অভিযোগ তুলেছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে এরশাদি বলেন, “আমরা ওই তেল ট্যাংকারে হামলার ব্যাপারে ইসরাইলের ভিত্তিহীন অভিযোগ তীব্র ভাষায় প্রত্যাখ্যান করেছি।”

গত সপ্তাহে আরব সাগরের ওমান উপকূলের কাছে ইসরাইলি মালিকানাধীন একটি তেল ট্যাংকারে ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়। হামলায় জাহাজটির একজন ব্রিটিশ ও একজন রোমানীয় ক্রু নিহত হন।

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত কোনো প্রমাণ উপস্থাপন না করেই তাৎক্ষণিকভাবে ওই হামলার জন্য ইরানকে অভিযুক্ত করেন। পরে মার্কিন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীরাও তেহরানের বিরুদ্ধে একই অভিযোগ আনেন। এরপর পশ্চিমা গণমাধ্যমে এ খবর প্রচারিত হয় যে, ইরানে হামলা চালানোর ব্যাপারে ইসরাইলকে সবুজ সংকেত দিয়েছে আমেরিকা ও ব্রিটেন।

এ সম্পর্কে জাহরা এরশাদি জাতিসংঘকে তেল আবিবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসরাইল যদি ইরানের বিরুদ্ধে দেয়া হুমকি বাস্তবায়নের চেষ্টা করে তাহলে তেহরান আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করবে। #  

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।