তালেবানের সঙ্গে সংঘর্ষের খবর নাকচ করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i96004-তালেবানের_সঙ্গে_সংঘর্ষের_খবর_নাকচ_করল_ইরান
প্রতিবেশী আফগান সীমান্তে তালেবানের সঙ্গে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সীমান্তরক্ষীদের সংঘর্ষ হয় নি। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সংঘর্ষের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে। সূত্রটি বলেছে, প্রতিবেশী আফগান সীমান্তে কোনো সমস্যা নেই।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৬, ২০২১ ০৬:১৮ Asia/Dhaka
  • আফগান সীমান্তে ইরানি সীমান্তরক্ষীদের সতর্ক প্রহরা
    আফগান সীমান্তে ইরানি সীমান্তরক্ষীদের সতর্ক প্রহরা

প্রতিবেশী আফগান সীমান্তে তালেবানের সঙ্গে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সীমান্তরক্ষীদের সংঘর্ষ হয় নি। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সংঘর্ষের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে। সূত্রটি বলেছে, প্রতিবেশী আফগান সীমান্তে কোনো সমস্যা নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র গতকাল (রোববার) বলেছে, ইসলাম কালা সীমান্তে তালেবান ও ইরানি সীমান্ত রক্ষীদের মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটে নি। তবে একজন তালেবান সদস্য ভুল করে ইরান সীমান্তে ঢুকে পড়ে এবং তাকে ইরানের সীমান্ত আইন জানিয়ে ফেরত দেয়া হয়েছে। ওই সূত্র মিথ্যা খবর বিশ্বাস না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।

এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছিলেন, “ইরান-আফগান সীমান্তে পূর্ণমাত্রায় নিরাপত্তা বিরাজ করছে। এ নিয়ে লোকজনকে মোটেই চিন্তিত হতে হবে না। প্রতিবেশী দেশটির সমস্ত ঘটনাবলীর দিকে সবসময় আমাদের নজর রয়েছে।”#

পার্সটুডে/এসআইবি/১৬