এসসিও’র সদস্যপদ লাভ এশিয়া অভিমুখী পররাষ্ট্রনীতির ফসল: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i97504-এসসিও’র_সদস্যপদ_লাভ_এশিয়া_অভিমুখী_পররাষ্ট্রনীতির_ফসল_ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে সাংহাই সহযোগিতা সংস্থায় তার দেশের পূর্ণ সদস্যপদ লাভকে ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করাকে ইরানের পররাষ্ট্রনীতিতে যে অগ্রাধিকার দেয়া হয়েছে তারই ধারাবাহিকতায় সাংহাই সহযোগিতা সংস্থার সদস্যপদ লাভ করা সম্ভব হয়েছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০২১ ০৬:৪৪ Asia/Dhaka
  • এসসিও’র সদস্যপদ লাভ এশিয়া অভিমুখী পররাষ্ট্রনীতির ফসল: ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে সাংহাই সহযোগিতা সংস্থায় তার দেশের পূর্ণ সদস্যপদ লাভকে ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করাকে ইরানের পররাষ্ট্রনীতিতে যে অগ্রাধিকার দেয়া হয়েছে তারই ধারাবাহিকতায় সাংহাই সহযোগিতা সংস্থার সদস্যপদ লাভ করা সম্ভব হয়েছে।

শুক্রবার তাজিকিস্তানের রাজধানী দোশাম্বেতে ইরান এ সাফল্য লাভ করার পর সাঈদ খাতিবজাদে এক টুইটার বার্তায় লিখেছেন, “সাংহাই সহযোগিতা সংস্থার পক্ষ থেকে ইরানকে পূর্ণ সদস্যপদ প্রদানের ঘটনাকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। এটি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের উন্নততর সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠার উদাহরণ এবং ইরানের এশিয়া অভিমুখী পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সাফল্য।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “এই সংস্থায় আঞ্চলিক স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে বহিঃশক্তির ওপর নির্ভরতা বাদ দিয়ে নিজস্ব অবকাঠামো গঠন করার ওপর জোর দেবে ইরান।”

সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে ইরানি প্রতিনিধিদল

শুক্রবার সাংহাই সহযোগিতা সংস্থার ২১তম শীর্ষ সম্মেলনের সমাপনি অধিবেশনে ইরানকে এই সংস্থার পূর্ণাঙ্গ সদস্যপদ প্রদান করা হয়। ১৯৯৬ সালের ২ জুন চীন, কাজাখস্তান, কিরঘিজিস্তান, রাশিয়া এবং তাজিকিস্তানকে নিয়ে সাংহাই সহযোগিতা সংস্থা গঠিত হয়। পরবর্তীতে উজবেকস্তিান, পাকিস্তান ও ভারতকে এই সংস্থার অন্তর্ভুক্ত করা হয়। সর্বশেষ ইরানের নয়া প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির প্রথম বিদেশ সফরে দোশাম্বেতে তার দেশকে এই গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগিতা সংস্থার পূর্ণাঙ্গ সদস্যপদ দেয়া হলো।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।