ভিয়েনা আলোচনা শুরু করতে হলে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে 
https://parstoday.ir/bn/news/iran-i97658-ভিয়েনা_আলোচনা_শুরু_করতে_হলে_সমস্ত_নিষেধাজ্ঞা_প্রত্যাহার_করতে_হবে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসমাইলি বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার বিষয়ে আলোচনা আবার শুরু করতে হলে তেহরানের ওপর থেকে আমেরিকাকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০২১ ১৩:৫৫ Asia/Dhaka
  • মোহাম্মদ ইসমাইলি
    মোহাম্মদ ইসমাইলি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসমাইলি বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার বিষয়ে আলোচনা আবার শুরু করতে হলে তেহরানের ওপর থেকে আমেরিকাকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে।

জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এনএইচকে-কে দেয়া এক সাক্ষাৎকারে মোহাম্মাদ ইসমাইলি এই বক্তব্য দেন। তিনি বলেছেন, ইরানের ওপর থেকে আমেরিকাকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং দ্রুত তাকে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে।

তিনি পরিষ্কার করে বলেন, আমেরিকা যেভাবে পদক্ষেপ নেবে ইরানের সেইভাবেই ব্যবস্থা নেবে। পরমাণু সমঝোতায় যে প্রতিশ্রুতি দিয়েছিল আমেরিকা তা পালনে ওয়াশিংটন ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন মোহাম্মাদ ইসমাইলি।

ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে পরমাণু সমঝোতা থেকে নিজ দেশকে একতরফাভাবে বের করে নেন। এরপর পরমাণু সমঝোতা মুখ থুবড়ে পড়ে এবং পরবর্তীতে ইরানও সমঝোতার বেশ কিছু ধারা বাস্তবায়ন স্থগিত করে দেয়।

প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকার ক্ষমতায় আসার আগে পরমাণু সমঝোতা পুনর্বহালের অঙ্গীকার করেছিলেন তবে এখনো পর্যন্ত সে অঙ্গীকার পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেন নি। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার বিষয়ে ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে আলোচনা হলেও তা এখনো চূড়ান্ত হয় নি। ফলে পরমাণু সমঝোতার ভবিষ্যৎ এখনো অনেকটা অনিশ্চিত।#

পার্সটুডে/এসআইবি/২১