আল মোস্তফা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশি রাষ্ট্রদূতের মতবিনিময়
তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ এফ এম গওসোল আযম সরকার ইরানের আল মোস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গোরগান শাখায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বাংলাদেশি শিক্ষার্থীদের আমন্ত্রণে গতকাল তিনি সেখানে গিয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। কুরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
সভায় রাখেন আল মোস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে বাংলাদেশ প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মীর ফাতেমী, শিক্ষা ও গবেষণা বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ড. হাসান মুসলিমী, মহিলা শাখার প্রধান ড. গাম্ভারি।

বাংলাদেশি শিক্ষার্থীদের পক্ষ থেকে ছাত্র প্রতিনিধি জাহিদুল ইসলাম তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। আল মোস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দেয়া ১০০% ফ্রি স্কলারশিপের কথাও উল্লেখ করেন তিনি।
ইরান ও বাংলাদেশের মাঝে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দুই দেশের শিক্ষার্থীদের উদ্যোগে শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক কাজে পরস্পরকে সহযোগিতা করার ওপরও গুরুত্ব আরোপ করেন এই ছাত্র প্রতিনিধি।

মতবিনিময় সভায় উভয় দেশের শিক্ষা সনদ যাতে সর্বোচ্চ মূল্যায়িত হয় সেজন্য যথাযথ পদক্ষেপ নিতে রাষ্ট্রদূতের প্রতি অনুরোধ করা হয়।
রাষ্ট্রদূতের পক্ষ থেকে শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক কাজে বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের কাজে অধিক অংশগ্রহণের আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরে আমাদের অর্জন ও ভবিষ্যতের ডিজিটাল বাংলাদেশ গঠনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা শিক্ষার্থীদের গবেষণা মূলক কাজে উদ্বুদ্ধ করে। গবেষণাপত্রের মান ভালো হলে, বাংলাদেশ সরকারের ইরান দূতাবাস থেকে প্রকাশের ব্যবস্থা করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
আলোচনা সভা শেষে রাষ্ট্রদূত এ এফ এম গওসোল আযম সরকার এবং আল মোস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের মাঝে ইরান ও বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক উপাদান আদান-প্রদান করা হয়।
পার্সটুডে/আশরাফুর রহমান/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।