যে কারণে রেডিও তেহরান শোনা ও চিঠি লেখার আগ্রহ বেড়ে যায়...
https://parstoday.ir/bn/news/letter-i100266-যে_কারণে_রেডিও_তেহরান_শোনা_ও_চিঠি_লেখার_আগ্রহ_বেড়ে_যায়...
সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আশা করি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের পরিচালক, প্রযোজক, কলাকুশলীসহ সবাই সুস্থ ও ভালো আছেন। আর সদা সর্বদা ভালো ও সুস্থ থাকুন- এ কামনাই করি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ২১, ২০২১ ০৯:৫০ Asia/Dhaka
  • যে কারণে রেডিও তেহরান শোনা ও চিঠি লেখার আগ্রহ বেড়ে যায়...

সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আশা করি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের পরিচালক, প্রযোজক, কলাকুশলীসহ সবাই সুস্থ ও ভালো আছেন। আর সদা সর্বদা ভালো ও সুস্থ থাকুন- এ কামনাই করি।

আমি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের একজন পুরাতন ও নিয়মিত শ্রোতা। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান ফেসবুক লাইভের পাশাপাশি ওয়েবসাইটে নিউজগুলো দেখে থাকি। প্রতিনিয়ত নিত্য নৈমত্তিক তথ্যবহুল বিষয় নিয়ে শ্রোতাদের লেখা চিঠিপত্র ও মতামত রেডিও তেহরান খুব গুরুত্বসহকারে প্রচার ও প্রকাশ করে থাকে। এছাড়াও রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের প্রযোজক জনাব আশরাফুর রহমান ভাই ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে শ্রোতাদের কমেন্টগুলোকে লাইক দিয়ে উৎসাহিত করে থাকেন; যা আমার মতো অনেক শ্রোতাকেই অনুপ্রাণিত ও অভিভূত করে। এতে রেডিও তেহরানের অনুষ্ঠান শোনার আগ্রহ ও চিঠিপত্র লিখার অনুপ্রেরণা অনেক গুণে বেড়ে যায়।

রেডিও তেহরানের শ্রোতা সংখ্যা কত তা আমার জানা নেই। তবে প্রিয়জনে চিঠি পত্রের জবাব ও পার্সটুডেতে প্রকাশিত শ্রোতাদের মতামত দেখে অনুমান করা পায় যে, রেডিও তেহরানের পুরুষ শ্রোতার তুলনায় নারী শ্রোতা সংখ্যা খুবই কম। নারীদের অংশগ্রহণ ও নারী শ্রোতা বৃদ্ধিতে রেডিও তেহরানের কোনো অনুষ্ঠান তৈরির পরিকল্পনা আছে কি? নারীদের জন্য নারীবান্ধব বিশেষ অনুষ্ঠান প্রচার করার জন্য রেডিও তেহরানকে অনুরোধ করছি।

সাপ্তাহিক ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ অনুষ্ঠানটি সত্যি সত্যিই একজন শিশু থেকে শুরু করে প্রত্যেক মানুষকে আদর্শবান হিসেবে গড়ে তুলতে সহায়তা ও একজন দায়িত্বশীল শিক্ষকের ভূমিকা পালন করে থাকে। আদর্শ মানুষ গড়ার কৌশল ২২তম পর্বে বলা হয়েছে- “শিশুদের যা শেখানো হয় তা পাথরে খোদাই করা নকশার মত চিরস্থায়ী ও সুদৃঢ় হয়।” তাই শিশুকে আদর্শবান হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সবার মনে রাখতে হবে যে, মায়ের কোলেই শিশুরা মাতৃস্নেহে ধর্মীয় ও সামাজিক শিক্ষা লাভ করবে যদি সেই মা ধর্মীয় ও সামাজিক জ্ঞান সম্পন্ন হয়। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ অনুষ্ঠান শুনে আমাদের শিশুদেরকে আদর্শবান করে গড়ে তুলব- এটাই আমাদের প্রত্যাশা।

পরিশেষে রেডিও তেহরানের সবার সুখ শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে আজকের মত শেষ করছি। খোদা হাফেজ।

 

ধন্যবাদান্তে,

মুহাম্মদ আব্দুল হাকিম মিঞা

গ্রাম: ছোট জামবাড়িয়া, ডাকঘর: বড়গাছীহাট,

উপজেলা: ভোলাহাট, জেলা: চাঁপাই নবাবগঞ্জ, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।