শ্রোতাদের মতামত
'রেডিও তেহরানের রংধনু আসর জীবনঘনিষ্ঠ শিক্ষণীয় বার্তা দিয়ে থাকে'
প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। লেখনীর প্রারম্ভে শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে রেডিও তেহরান পরিবারের সবাই সুস্থ ও সুন্দর আছেন।
গত ৩০ জুন তারিখে আমার প্রিয় বেতার কেন্দ্র রেডিও তেহরান বাংলা'র সান্ধ্য অধিবেশনে কান পেতেছিলাম। অন্যান্য নিয়মিত আয়োজনের পর আমার প্রিয় আয়োজন রংধনু শুরু হলে আমি ও আমার পরিবারের ক্ষুদে সদস্যরা মন লাগিয়ে শুনতে বসি।
এদিন বিখ্যাত কবি জালালুদ্দিন মুহাম্মদ রুমি'র বিখ্যাত মসনবি গ্রন্থ থেকে এক বৃদ্ধের গল্প নিয়ে রংধনু আসর প্রচার করা হয়। গল্পটি আমাদের সবার জন্য বেশ শিক্ষণীয় ছিলো। মওলানা রুমি বলেছেন 'যে বৃদ্ধ আল্লাহর হয়ে মস্ত মাতাল তার ভিতরে পবিত্র জীবনের বসন্তকাল; বাইরে সে বৃদ্ধ কিন্তু ভিতরে তরুণ যুবক কি বলবো, সেই ওলি, সেই নবীর আসল রুপ'।
আমরা যদি জীবনকে চির যৌবন দীপ্ত করতে চাই তাহলে আমাদের অন্তর জগৎকে আলোকিত করতে হবে। অনুষ্ঠানের শেষাংশে ছোট্ট বন্ধু মায়শা তারাননুম সাফার সাক্ষাৎকার ও তার পরিবেশিত গানটি বেশ চমৎকার হয়েছিল। সুন্দর আসরটি শুনে আমি ও আমার পরিবারের ক্ষুদে সদস্যরা বেশ আনন্দিত। আমি রংধনু আসরটি আমার পরিবারের ছোটদের নিয়ে শুনে থাকি। এর কারণ হচ্ছে অনুষ্ঠানটি গল্পের ছলে আমাদেরকে জীবনঘনিষ্ঠ বিভিন্ন শিক্ষণীয় বার্তা দিয়ে থাকে যা আমাদের শিশুদেরকে জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি। পরিশেষে সুন্দর অনুষ্ঠান নির্মাণের জন্য রংধনু আসরের প্রযোজক আশরাফুর রহমান ভাইকে আন্তরিক ধন্যবাদ।
শুভেচ্ছান্তে,
শাওন হোসাইন
সভাপতি, রংধনু বেতার শ্রোতা সংঘ
গ্রাম: খোশবাড়ী, পোস্ট: খানগঞ্জ
থানা: রাজবাড়ী সদর, জেলা: রাজবাড়ী, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।