শ্রোতাদের মতামত
'রেডিও তেহরান বাঙালি শ্রোতাদের দিয়ে যাচ্ছে সঞ্জীবনী সুধা'
মহাশয়, বর্তমান গণমাধ্যমের অন্যতম যুগোপযোগী গণমাধ্যম হল ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রীয় বেতার রেডিও তেহরান। বেতার সম্প্রচার ও ওয়েবসাইটের মাধ্যমে দিয়ে চলেছে বাঙালি শ্রোতাদের সঞ্জীবনী সুধা, যা আমাদের চলার পথের পাথেয়। অপরিমেয় অধ্যবসায়, মানসিকতা, মহানুভবতা, তিতিক্ষা ও পরোপচিকীর্ষার পরাকাষ্ঠা প্রদর্শন করে রেডিও তেহরান বাঙালি শ্রোতাদের স্মরণে- মননে- চিন্তনে -স্বপ্নে- জাগরণে চিরভাস্বর হয়ে আছে।
প্রকৃতপক্ষেই রেডিও তেহরান বিস্ময়ের এক পরম বিস্ময়- সমাজ জীবনের দর্পন। রেডিও তেহরান দুই বাংলার শ্রোতাদের জীবনের, সমাজের একটি অংশ। বর্তমান সময়ে রেডিও তেহরানের প্রভাব প্রতিপত্তি নিঃসন্দেহে সর্বজন স্বীকৃত। রেডিও তেহরান একদিকে যেমন বিশ্বের চলমান ঘটনাপ্রবাহ শ্রোতাদের সামনে তুলে ধরছে তেমনি অন্যদিকে ইসলামী চিন্তাধারায় মনুষ্যত্ব ও মানবতার উদার দৃষ্টিতে আদর্শ মানুষ হিসেবে শ্রোতাদের গড়ে তুলতে প্রয়াস চালাচ্ছে।
রেডিও তেহরানের প্রধান গুণ হল- নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ এবং তরতাজা সংবাদ শ্রোতাদের উপহার দেওয়া। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে রেডিও তেহরানের বলিষ্ঠ কণ্ঠস্বর ক্ষমতামদমত্ত স্বার্থলোলুপ নরপিশাচ দের ঘরে দাসী বৃত্তি না করে শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের পক্ষে সদাজাগ্রত, সদা তৎপর।
শুধু বিশ্ব সংবাদ নয়, সংবাদের গভীরে যেতে রয়েছে দৃষ্টিপাত, যেখানে রেডিও তেহরানের ভাষ্যকারের পর্যালোচনাসহ ঢাকা ও কলকাতার সাংবাদিকদের প্রতিবেদন আমাদের সংবাদ পিপাসু মনের সংবাদ আকাঙ্ক্ষা মেটাতে অনেকটাই সাহায্য করে। তাতে তৃপ্তি না পেলে কোনো অসুবিধা নেই। ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিক সংবাদপত্রের শিরোনামসহ সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান কথাবার্তা সংবাদ আকাঙ্ক্ষার তৃপ্তি মেটাবেই। এছাড়াও রয়েছে সাপ্তাহিক দর্পন।
সাপ্তাহিক বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে প্রথমেই চলে আসে রংধনু আসর-এর কথা। রংধনুকে আশ্রয় করে শৈশব আবার মেলে ধরে তার ডানা। রংধনু শিশু-কিশোরদের জন্য তো বটেই এমনকি বড়দের কাছেও হয়ে উঠেছে অতি আকর্ষণীয়। আগামী দিনের জন্য হয়তো বা রংধনুর ওপর ভর দিয়ে আমরা যেতে পারব কল্পলোকে, যেখানে থাকবে নিছক আনন্দের উপাদান, তার ভেতরেই আমরা খুঁজে নিতে পারব সত্য ও সুন্দরের পথকে। কল্পলোকের চেহারায় সত্য ও সুন্দরের পথ ধরা দেবে আমাদের সামনে।
ইরানে জ্ঞান-বিজ্ঞান চর্চার ইতিহাস এবং বিজ্ঞানীদের জীবন ও কর্মভিত্তিক আলোচনা 'জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান' শীর্ষক নতুন সাপ্তাহিক পরিবেশনা যেমন জ্ঞানধর্মী তেমনি আকর্ষণীয়।
সুঅভ্যাস গড়ার উপায় নিয়ে ধারাবাহিক অনুষ্ঠান 'সুন্দর জীবন' শ্রোতাদের শৃঙ্খলা পূর্ণ ও নিয়মানুবর্তী হওয়ার মধ্য দিয়ে জীবনকে আর ও সুন্দর করে গড়ে তোলার আত্মবিশ্বাসকে বহুগুণে বাড়িয়ে দেয়।
সুখী পরিবার গড়ার সুপরামর্শ দিতে পারিবারিক জীবনের সুখ ও সৌভাগ্যের সূত্র শ্রোতাদের জানাতে 'সুখের নীড়' আরেক জ্ঞানবর্ধক অনুষ্ঠান।
শ্রোতাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে স্বাস্থ্যকথা, অতীত ইতিহাসকে জানতে 'ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস', 'আলাপন', 'গল্প ও প্রবাদের গল্প' প্রভৃতি অনুষ্ঠানমালা রেডিও তেহরানকে জনপ্রিয় করতে বিশেষ সাহায্য করেছে।
এছাড়া ধর্মীয় অনুষ্ঠান কুরআনের আলো, আসমাউল হুসনাসহ বিভিন্ন পর্বে পরিবেশিত ধর্মীয় অনুষ্ঠান ইসলামের মত ও পথকে বুঝতে বিশেষ সাহায্য করে।
আর যে অনুষ্ঠানের কথা না বললেই না- তার হল প্রিয়জন। প্রিয়জন শ্রোতাদের শুধু প্রিয় অনুষ্ঠানই নয়, প্রিয়জন শ্রোতাদেরকে সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করেছে। রেডিও তেহরান তার শিক্ষণীয় অমর অনুষ্ঠানমালার মধ্যদিয়ে প্রতিদিনই শ্রোতাদের মাঝে বিরাজমান। আমৃত্যু মানবতার দিশারী রেডিও তেহরান শ্রোতাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে জীবনের দায়বদ্ধতার সঙ্গে আধ্যাত্মিক ব্যাকুলতার এক অদ্ভুত সহাবস্থান- বিস্ময়ের সৃষ্টি করে বৈকি। তুলনাহীন শ্রোতাপ্রেমে রেডিও তেহরান হয়ে উঠেছে সকল শ্রোতার প্রকৃত আত্মার আত্মীয়।
ধন্যবাদান্তে
বিধান চন্দ্র সান্যাল
ঢাকা কলোনী, বালুরঘাট, পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।