'পশ্চিমা রক্তচক্ষুকে পাশ কাটিয়ে রেডিও তেহরান বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে থাকে'
https://parstoday.ir/bn/news/letter-i113564-'পশ্চিমা_রক্তচক্ষুকে_পাশ_কাটিয়ে_রেডিও_তেহরান_বস্তুনিষ্ঠ_সংবাদ_প্রচার_করে_থাকে'
প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। লেখনীর প্রারম্ভে আপনাদের প্রতি রইল একরাশ প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আল্লাহর অশেষ রহমতে রেডিও তেহরানের সকলে সুস্থ ও নিরাপদে আছেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০২২ ১২:২১ Asia/Dhaka
  • 'পশ্চিমা রক্তচক্ষুকে পাশ কাটিয়ে রেডিও তেহরান বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে থাকে'

প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। লেখনীর প্রারম্ভে আপনাদের প্রতি রইল একরাশ প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আল্লাহর অশেষ রহমতে রেডিও তেহরানের সকলে সুস্থ ও নিরাপদে আছেন।

বর্তমান যুগ বিশ্বায়নের যুগ। মানুষের হাতের মুঠোয় এখন পুরো বিশ্ব যাকে আমরা 'গ্লোবাল ভিলেজ' বলে থাকি। ইন্টারনেটের সহজলভ্যতা মানুষের রুচি ও চাহিদায় বেশ প্রভাব ফেলেছে। মানুষ চাইলেই যেকোন সময় যেকোন কিছু দেখতে বা শুনতে পারে। ইন্টারনেটের বহুমাত্রিক ব্যবহার মানুষকে ভালো ও মন্দ দুটোর স্বাদই দিচ্ছে যে যার মতো ভালো-মন্দ বেছে নিচ্ছে।

আমরা এমন একটি প্রজন্ম যারা ডিজিটাল ও এনালগ দুইটা মাধ্যমের স্বাদ-ই পেয়েছি। ছেলে বেলা থেকে বাবার হাতে রেডিও শোনার যে হাতেখড়ি হয়েছিল সেটা পুরোদমে চলেছে কৈশোর পর্যন্ত তারপর যৌবনে পর্দাপনের পর পেলাম ইন্টারনেট প্রযুক্তির ছোঁয়া। তবে যতই ইন্টারনেট আমাদের নানাবিধ বিনোদন দিয়ে মাতিয়ে রাখুক না কেন ছোট বেলার সেই শেকড়ের টান আজও অনুভব করি আর তাইতো বারবার ফিরে আসি প্রিয় ডিএক্স জগতে।

বেতার জগতে বিচরণে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বেতার কেন্দ্রের অনুষ্ঠান শুনে থাকি তবে রেডিও তেহরানের মতো গুণগতমানধর্মী অনুষ্ঠান কোথাও খুঁজে পাই না। রেডিও তেহরানকে শুধু বেতার কেন্দ্র বললে ভুল হবে এটি একটি জ্ঞানের ভাণ্ডার যেখানে জ্ঞানপিপাসু শ্রোতারা নিয়মিত ভীড় করে তাদের জ্ঞানের পিপাসা মেটানোর জন্য, বিশ্বকে জানবার জন্য। সারা বিশ্ব এখন ভোগবাদ ও নিজেদের স্বার্থ হাসিলের জন্য ব্যস্ত কিন্তু একমাত্র ইরানকে আমরা দেখতে পাই নিজেদের স্বার্থ উপেক্ষা করে মজলুম ও নির্যাতিতদের পাশে গিয়ে দাঁড়াতে। ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি বিভিন্ন ভাষায় অনুষ্ঠান প্রচার করে থাকে। পশ্চিমা বিশ্বের রক্তচক্ষুকে পাশ কাটিয়ে রেডিও তেহরান সত্য ও বস্তুনিষ্ঠ খবর প্রচার করে থাকে। বিশ্বের নামকরা ও প্রথিতযশা আরো অনেক গণমাধ্যম থাকলেও তারা অধিকাংশ পশ্চিমা মদদপুষ্ট তাই মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের নির্যাতিতদের নিয়ে সঠিক খবরাখবর  আমরা একমাত্র রেডিও তেহরানেই শুনতে পাই। রেডিও তেহরানের বিশ্বসংবাদ আজও বাংলা ভাষাভাষী প্রতিটি মানুষের নিকট আস্থা ও ভরসার প্রতীক হয়ে আছে।

সংবাদের পাশাপাশি রেডিও তেহরান প্রতিদিন আমাদের জন্য এক ঘণ্টার যে অনুষ্ঠান প্রচার করে থাকে তাতে রয়েছে জ্ঞান ও বিনোদনের ছোঁয়া। কেউ যদি প্রতিদিন রেডিও তেহরানের সাথে সঙ্গ দেয় আমি হলফ করে বলতে পারি সেই ব্যক্তি একজন আদর্শবান ও নৈতিকগুণসম্পন্ন মানুষ হয়ে উঠবে। রেডিও তেহরানের জনপ্রিয় কয়েকটি অনুষ্ঠান যেমন রংধনু আসর, স্বাস্থ্যকথা, দর্পন, সুখের নীড়, জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান, দৃষ্টিপাত, কুরআনের আলো ও প্রিয়জন যেকোন মানুষকে আকৃষ্ট করবে বলে আমার বিশ্বাস। এছাড়া রেডিও তেহরানের মতো শ্রোতাবান্ধব বেতার এই যুগে এসে আমি আর একটিও খুঁজে পাইনি।

শ্রোতাদেরকে অনুষ্ঠান শুনতে ও লেখালেখিতে উদ্বুদ্ধ করতে মাসিক ও বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচন, কুইজ প্রতিযোগিতা, অনুষ্ঠান শেয়ার প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে রেডিও তেহরান। এছাড়া শ্রোতাদের সক্রিয় করতে বিভিন্ন ফ্যান ক্লাব নিরলস কাজ করে যাচ্ছে তার মধ্যে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ, ভারতের ইন্টারন্যাশনাল ডি-এক্স রেডিও শ্রোতা ক্লাব ও আইআরআইবি ফ্যান ক্লাব বিশেষ প্রশংসার দাবিদার। রেডিও তেহরান দুই বাংলার নবীন-প্রবীণ শ্রোতাদের মিলনে যে অগ্রণী ভূমিকা রেখেছে তা সত্যি অভাবনীয়। পরিশেষে বলবো আমরা সবাই রেডিও তেহরান শুনব ও পৃথিবীর সকল মজলুম ও নির্যাতিতদের পাশে থাকবো এই কামনায় আজকের মতো ইতি টানছি।

 

শুভেচ্ছান্তে,

শাওন হোসাইন

সভাপতি, রংধনু বেতার শ্রোতা সংঘ

গ্রাম: খোশবাড়ী, পোস্ট: খানগঞ্জ

থানা: রাজবাড়ী সদর, জেলা: রাজবাড়ী, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।